সর্বশেষ সংবাদ :

চার প্রতিষ্ঠানকে জরিমানা : বড়াইগ্রামে নোংরা পরিবেশে খাদ্য প্রস্তুত করায় বেকারী মালিকের কারাদণ্ড

বড়াইগ্রাম প্রতিনিধি: বড়াইগ্রামে নোংরা পরিবেশে খাদ্য প্রস্তুত করায় এক বেকারী মালিককে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড ও বিভিন্ন অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় উপজেলার বনপাড়া পৌরশহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের জাহাঙ্গীর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব দণ্ড দেন।
জানা যায়, অভিযানে বনপাড়া পৌর শহরের কালিকাপুরের মৌ বেকারিতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা ও বেকারির মালিক মোজাফফর হোসেনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া ঢাকা কিং বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা, পূজা স্টোরে মূল্যতালিকা প্রদর্শন না করায় ৩ হাজার টাকা এবং অজয় স্টোরে খাদ্যপণ্যের মোড়কে বাধ্যতামূলক লেবেল না থাকায় এক হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভোক্তা অধিকার নিশ্চিত, নিরাপদ খাদ্য সরবরাহ এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।


প্রকাশিত: August 15, 2026 | সময়: 4:33 am | সুমন শেখ