সর্বশেষ সংবাদ :

আর্জেন্টিনাকে কাঁদানো তোরেস বার্সা ছাড়লেন

স্পোর্টস রিপোর্টার: বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে কাঁদিয়ে শিরোপা জেতানো সেই গোলের নায়ক ফেরান তোরেস এবার নতুন ঠিকানায়। বার্সেলোনা থেকে ফরাসি চ্যাম্পিয়ন ও ইউরোপসেরা প্যারিস সেন্ট-জার্মেইনে (পিএসজি) যোগ দিতে যাচ্ছেন স্প্যানিশ ফরোয়ার্ড।
দুই ক্লাবের মধ্যে নীতিগতভাবে চুক্তি হয়েছে প্রায় ৫০ মিলিয়ন ইউরোর বিনিময়ে এই দল বদলের। আগামী কয়েক দিনের মধ্যেই চুক্তি সম্পন্ন হওয়ার কথা। প্যারিসে গিয়ে মেডিকেল পরীক্ষা শেষে পিএসজির সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি করবেন ২৬ বছর বয়সী তোরেস।
চলতি সপ্তাহের শুরুতে তোরেসের জন্য পিএসজির ৪০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল বার্সেলোনা। তবে আলোচনা চালিয়ে যায় দুই ক্লাব। বার্সা তোরেসকে ধরে রাখতে এবং তাঁর সঙ্গে চুক্তি বাড়াতেও আগ্রহী ছিল। কিন্তু বর্তমান চুক্তির মেয়াদ আর মাত্র এক বছর থাকায় এবং খেলোয়াড় নিজেই দল ছাড়ার ইচ্ছা প্রকাশ করায় শেষ পর্যন্ত তাঁকে বিক্রি করতে রাজি হয় কাতালান ক্লাবটি।
বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে স্পেনের হয়ে জয়সূচক গোল করে আলোচনায় আসেন তোরেস। বার্সেলোনার হয়েও গত মৌসুমে দুর্দান্ত ছিলেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে করেছিলেন ২১ গোল।
পিএসজিতে গিয়ে আবারও লুইস এনরিকের অধীনে খেলবেন তোরেস। স্পেন জাতীয় দলের কোচ থাকাকালে এনরিকের সঙ্গে কাজ করেছেন তিনি। পিএসজির আক্রমণভাগে তাঁর জায়গা হতে পারে মূলত নম্বর নাইন হিসেবে। গনঞ্জালো রামোস এসি মিলানে চলে যাওয়ায় এই পজিশনে তোরেসকে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে ফরাসি ক্লাবটির।
তোরেসের বিদায়ে অবশ্য বড় শূন্যতা তৈরি হচ্ছে বার্সেলোনায়। রবার্ট লেভানডোভস্কিও এবার ক্লাব ছেড়ে শিকাগো ফায়ারে যোগ দেওয়ায় স্প্যানিশ চ্যাম্পিয়নরা এখন স্বীকৃত কোনো স্ট্রাইকার ছাড়াই পড়ে আছে।
নতুন স্ট্রাইকার হিসেবে বার্সেলোনার প্রধান পছন্দ আতলেতিকো মাদ্রিদের হুলিয়ান আলভারেজ। তবে সেই চুক্তি জটিল হয়ে পড়ায় বিকল্প পথও খুঁজতে হতে পারে কাতালান ক্লাবটিকে।


প্রকাশিত: August 15, 2026 | সময়: 4:32 am | সুমন শেখ

আরও খবর