সর্বশেষ সংবাদ :

আর্জেন্টাইন তারকাকে কিনতে হলে গুনতে হবে ২ হাজার কোটি টাকা!

স্পোর্টস ডেস্ক: ম্যানচেস্টার সিটির মিডফিল্ড পুনর্গঠনের পরিকল্পনায় এনজো ফার্নান্দেজকে শীর্ষ লক্ষ্যে পরিণত করেছেন কোচ এনজো মারেস্কা। আর্জেন্টাইন মিডফিল্ডারকে দলে পেতে সিটির আগ্রহের পেছনে বড় কারণ হিসেবে ধরা হচ্ছে রদ্রির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তাকে।
রদ্রিকে দলে ভেড়ানোর জন্য বার্সেলোনার সঙ্গে আলোচনা অনেকটাই এগিয়েছে বলে খবর রয়েছে। ফলে সিটির মাঝমাঠে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। সেই পুনর্গঠনের অংশ হিসেবে মারেস্কার পছন্দের তালিকার শীর্ষে রয়েছেন চেলসির এনজো ফার্নান্দেজ।
তবে ফার্নান্দেজকে পাওয়া মোটেও সহজ হবে না সিটির জন্য। চেলসি আর্জেন্টাইন তারকার জন্য ১২০ মিলিয়ন পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার কোটি টাকা) মূল্য নির্ধারণ করেছে বলে জানা গেছে। একই সঙ্গে লন্ডনের ক্লাবটি চলতি মৌসুমেও ফার্নান্দেজকে নিজেদের দলে রাখার ব্যাপারে প্রস্তুত।
২০২৩ সালে বেনফিকা থেকে চেলসিতে যোগ দেওয়ার পর থেকেই দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন ফার্নান্দেজ। মাঝমাঠে বল নিয়ন্ত্রণ, পাসিং ও আক্রমণ গড়ে তোলার পাশাপাশি রক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। ফলে তাকে ছেড়ে দিতে চেলসির অনাগ্রহ থাকাটাই স্বাভাবিক।
মারেস্কা অবশ্য ফার্নান্দেজকে নিজের পরিকল্পনার জন্য আদর্শ মনে করছেন বলে দাবি করা হচ্ছে। চেলসিতে কাজ করার সময়ও আর্জেন্টাইন মিডফিল্ডারের সামর্থ্য সম্পর্কে ভালোভাবে জানেন ইতালিয়ান কোচ। এবার সিটির দায়িত্ব নিয়ে নিজের পছন্দের খেলোয়াড়কে ম্যানচেস্টারে আনতে চাইছেন তিনি।
তবে ১২০ মিলিয়ন পাউন্ডের বিশাল ট্রান্সফার ফি সিটির জন্য বড় বাধা হতে পারে। বিশেষ করে রদ্রিকে হারানোর সম্ভাবনা তৈরি হলেও তার পরিবর্তে একজনকে আনতে গিয়ে এত বড় অঙ্ক খরচ করার সিদ্ধান্ত শেষ পর্যন্ত ক্লাব কর্তৃপক্ষ কীভাবে নেয়, সেটিই দেখার বিষয়।


প্রকাশিত: August 13, 2026 | সময়: 4:29 am | সুমন শেখ

আরও খবর