সর্বশেষ সংবাদ :

এসএসসির ফলাফলে অকৃতকার্য হওয়ায় ছাত্রীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার, বাগমারা: বাগমারা উপজেলার ১১ নম্বর গনিপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডস্থ মহব্বতপুর গ্রামের বাসিন্দা শ্রী কাঞ্চন কুমার পালের মেয়ে কারিনা পাল এ বছর এস.এস.সি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। ফল প্রকাশের পর অকৃতকার্য হওয়ার খবর জানতে পেরে তিনি তীব্র মানসিক হতাশায় ভেঙে পড়েন। একপর্যায়ে চরম বিষাদগ্রস্ত হয়ে তিনি সোমবার তার শয়ন কক্ষের ফ্যানের সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন। সে চান্দের আড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। ওই স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার জানান কারিনা পাল ভাল ছাত্রী ছিল। সে ফিজিক্সের সপয় পরীক্ষায় খারাপ করেছিল। তাই তার রেজাল্ট খারাপ হয়েছে।
ওই স্কুলের একাধিক শিক্ষক ও এলাকার সচেতন মহল জানান, পরীক্ষার একটি ফলাফল কখনোই একটি মানবজীবনের চূড়ান্ত মূল্যায়ন হতে পারে না। একটি সাময়িক ব্যর্থতা জীবনের শেষ কথা নয়, বরং নতুন করে শুরু করার অসংখ্য সুযোগ সামনে অপেক্ষা করে। অথচ তীব্র মানসিক চাপ ও হতাশার কাছে হার মেনে এভাবে একটি সম্ভাবনাময় তাজা প্রাণ অকালেই ঝরে যাওয়া অত্যন্ত হৃদয়বিদারক ও বেদনাদায়ক।
আমরা প্রয়াত কারিনা পালের আত্মার শান্তি কামনা করছি এবং তার পরিবার-পরিজনের এই অপূরণীয় ক্ষতিতে গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করছি।
বাগমারা থানার অফিসার্স ইনচার্জ তৌহিদুল ইসলাম জানান, এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশের ময়না তদন্ত ছাড়াই সৎকারের অনুমতি দেওয়া হয়েছে।


প্রকাশিত: August 11, 2026 | সময়: 4:23 am | সুমন শেখ

আরও খবর