, , ।
গোবিপ্রবি, প্রতিনিধি :
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুর ২:৩০ মিনিটে একাডেমিক ভবনের ৫০১ নং কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, কোটা আন্দোলনের মাধ্যমে শুরু হলেও আমাদের তরুণ শিক্ষার্থী থেকে সাধারণ মানুষ বুকের তাজা রক্ত ঢেলে ১৭ বছরের দুঃশাসন রুখে দিয়েছে। তাদের সেই ত্যাগ-তিতিক্ষার প্রতি আমি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি বিশ্বাস করি জুলাই কখনো হারিয়ে যাবে না। জুলাই নিয়ে বিশ্বব্যাপী গবেষণা হবে। এসময় তিনি জুলাইয়ের আদর্শ ধারণ করে দেশকে এগিয়ে নিতে সকলের প্রতি আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, দেশকে সুন্দর করে গড়ে তোলার স্বপ্ন নিয়ে জুলাই শহীদরা আত্মত্যাগ করেছেন। তাদের সেই ত্যাগের প্রতি আমরা চিরঋণী। আমরা যদি আংশিকভাবেও তাদের আদর্শ ধারণ করতে পারি, এই দেশ সমূলে বদলে যাবে। আমরা এখনো সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখি। তা আমাদেরই বাস্তবায়ন করতে হবে।
ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামরুজ্জামানের সভাপতিত্বে এবং ইতিহাস বিভাগের শিক্ষক ড. মো. রাজিবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. শাহজাহান, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আহ্বায়ক ড. মাহাবুব হাসান, প্রক্টর ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সদস্য সচিব ড. এস এম আহসান, রেজিস্ট্রার মো. এনামউজ্জামান, পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক আব্দুল্লাহ বিন কাইজার প্রমুখ।
এছাড়াও দিবসটি উপলক্ষে বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল ও বিকেলে মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
তপু/শামি