সর্বশেষ সংবাদ :

বার কাউন্সিলের ‘লিগ্যাল এডুকেশন কমিটি’তে জাবি আইন অনুষদের ডিন 

আলামিন খান, জাবি প্রতিনিধি :

বাংলাদেশ বার কাউন্সিলের ‘লিগ্যাল এডুকেশন কমিটি’র সদস্য হিসেবে মনোনীত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ বার কাউন্সিলের ভারপ্রাপ্ত সচিব মো: আল এমরান স্বাক্ষরিত এক অফিশিয়াল নোটিশে এই তথ্য জানা গেছে। লিগ্যাল এডুকেশন কমিটির অনুলিপিতে সদস্য হিসেবে (জ্যেষ্ঠতার ক্রমানুসারে নয়) তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, সিনিয়র এডভোকেট মোহাম্মদ হোসেন লিপু, সিনিয়র এডভোকেট মোহাম্মদ শিশির মনির, সিনিয়র এডভোকেট ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন, সুপ্রিম কোর্টের এডভোকেট মাহবুবুর রহমান খান, সুপ্রিম কোর্টের এডভোকেট মুহা. মুজাহিদুল ইসলাম শাহিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক।

বর্তমানে এই কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী।
আরও জানা যায়, দেশের আইনি শিক্ষার মানোন্নয়ন ও সমসাময়িক বিভিন্ন নীতি নির্ধারণী বিষয় পর্যালোচনার জন্য আগামী ২১ জুলাই ২০২৬ (মঙ্গলবার) বিকাল ৪টায় বার কাউন্সিল ভবনে এই কমিটির এক সভা অনুষ্ঠিত হবে।

উক্ত সভায় বিদেশে অর্জিত আইন ডিগ্রির সমতা নির্ধারণের জন্য ‘ইকুইভ্যালেন্স কমিটি’ গঠন, বাংলাদেশ লিগ্যাল এডুকেশন রুলস-২০২০, শিক্ষানবীশ আইনজীবীদের প্রশিক্ষণ কোর্স এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই বছরের এলএল.বি (পাস) কোর্স সংক্রান্ত বিষয়সহ দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইনি শিক্ষা কার্যক্রম সরকারি বিধিমালা অনুযায়ী পরিচালিত হচ্ছে কিনা—সেসব বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

সানশাইন /শামি


প্রকাশিত: July 16, 2026 | সময়: 10:44 pm | Daily Sunshine