সর্বশেষ সংবাদ :

সিংড়া বাসস্ট্যান্ডে আধুনিক টয়লেট সহ যাত্রীছাউনি নির্মাণের দাবি সাধারণ মানুষের

সৌরভ সোহরাব, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ

নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া পৌরশহরের প্রাণকেন্দ্র ও অন্যতম ব্যস্ততম এলাকা সিংড়া বাসস্ট্যান্ড। প্রতিদিন এই স্থান দিয়ে রাজধানী ঢাকা, বিভাগীয় শহর রাজশাহী, বগুড়া এবং নাটোর জেলা সদরে নিয়মিত যাতায়াত করেন শত শত যাত্রী। কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বাসস্ট্যান্ডে কোনো যাত্রীছাউনি না থাকায় প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। প্রখর রোদ আর মুষলধারে বৃষ্টির হাত থেকে রেহাই পেতে বাধ্য হয়ে তাদের আশপাশের দোকানপাট বা হোটেল-রেস্তোরাঁয় আশ্রয় নিতে হচ্ছে।

 

 

​স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৮ সালে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় একটি ফুটওভার ব্রিজ নির্মাণের সময় আগের ছোট যাত্রীছাউনিটি ভেঙে ফেলা হয়। অত্যন্ত দুঃখের বিষয়, দীর্ঘ আট বছর পার হয়ে গেলেও সেখানে নতুন কোনো যাত্রীছাউনি নির্মাণের কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

 

​সরেজমিনে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে দেখা যায়, বাসের জন্য অপেক্ষমাণ নারী, শিশু ও প্রবীণদের দুর্ভোগ সবচেয়ে বেশি। বসার কোনো ব্যবস্থা না থাকায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে অনেককে।

 

​এ সময় কথা হয় কয়েকজন সাধারণ যাত্রীর সাথে। রাজশাহীগামী যাত্রী আব্দুল মজিদ ক্ষোভ প্রকাশ করে বলেন: “সিংড়া এখন অনেক বড় শহর। প্রতিদিন এখান থেকে শত শত মানুষ বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেন। অথচ এত বড় একটা বাসস্ট্যান্ডে বসার মতো কোনো জায়গা থাকবে না, এটা ভাবা যায় না! গরমের দিনে রোদে পুড়তে হয়, আর বর্ষায় একটু বৃষ্টি আসলেই দৌড়ে কোনো দোকানের নিচে গিয়ে আশ্রয় নিতে হয়।”

​ঢাকাগামী অপর এক নারী যাত্রী মোছা: রেহেনা পারভীন তাঁর দুর্ভোগের কথা জানিয়ে বলেন: “কোলে বাচ্চা নিয়ে বাসের জন্য অপেক্ষা করা এখানে এক নরকযন্ত্রণা। কোনো টয়লেটের ব্যবস্থা নেই, বসার জায়গা নেই। আগে একটা ছাউনি ছিল, সেটাও ভেঙে ফেলা হয়েছে। আমাদের মতো নারী ও শিশুদের কষ্টের কথা বিবেচনা করে এখানে দ্রুত একটি আধুনিক যাত্রীছাউনি করা দরকার।”

​মো: জয়নাল আবেদীন নামের এক স্থানীয় ওষুধ ব্যবসায়ী বলেন, “আমার বাড়ি কলম বাজার। ব্যবসার কাজে আমাকে নিয়মিত বগুড়ায় যাতায়াত করতে হয়। সিংড়া বাসস্ট্যান্ডে এসে বাসের জন্য প্রায় আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা অপেক্ষা করতে হয়। দীর্ঘক্ষণ চা স্টলে বসে থাকলে দোকানিরাও বিরক্ত হয়। যাত্রীছাউনি নির্মাণ এখন সিংড়াবাসীর প্রাণের দাবি।” তিনি বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু এমপির কাছে দ্রুত যাত্রীছাউনি নির্মাণের জোর দাবি জানান।

​নাটোর জেলা ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সভাপতি হুমায়ুন কবির বলেন, “সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীছাউনি না থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ বিষয়ে আমরা স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু এমপি মহোদয়কে কয়েকবার অবগত করেছি। এমপি মহোদয় আমাদের আশ্বস্ত করেছেন।”

​এ বিষয়ে নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু এমপি-র সাথে যোগাযোগ করা হলে তিনি জানান: “শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ সাধারণ অনেকেই বিষয়টি আমাকে জানিয়েছেন। যাত্রীদের এই দুর্ভোগ আমি গভীরভাবে অনুধাবন করেছি। আমি এখন সিংড়াবাসীকে আশ্বস্ত করতে চাই যে, আপনাদের এই কষ্টের দিন এবার শেষ হতে চলেছে। ইতিমধ্যেই এখানে একটি আধুনিক ও সুযোগ-সুবিধা সম্বলিত যাত্রীছাউনি নির্মাণের জন্য টেন্ডার প্রক্রিয়া চলমান রয়েছে। খুব দ্রুতই এর দৃশ্যমান কাজ শুরু হবে। এটি কেবল একটি সাধারণ ছাউনি হবে না, এখানে যাত্রীদের বসার সুব্যবস্থা ও আধুনিক টয়লেটসহ সব ধরনের প্রয়োজনীয় সুবিধা থাকবে, যাতে দূরপাল্লার যাত্রীদের আর কোনো হোটেল বা দোকানে গিয়ে অপেক্ষা করতে না হয়।”

সানশাইন /শামি


প্রকাশিত: জুলাই ৭, ২০২৬ | সময়: ১১:৫৮ পূর্বাহ্ণ | Daily Sunshine

আরও খবর