মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার :
বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে সপ্তম বারের মতো শুরু হলো দেশের সবচেয়ে বড় টিভি রিয়্যালিটি শো ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’।
‘বাংলায় জাগি ভরপুর’ স্লোগানকে সামনে রেখে শুদ্ধ বাংলা চর্চাকে নতুন প্রজন্মের মাঝে আরও বিস্তৃত করার প্রত্যয়ে দেশের জনপ্রিয় চায়ের ব্র্যান্ড ‘ইস্পাহানি মির্জাপুর’ ২০১৭ সাল থেকে নিয়মিত এই প্রতিযোগিতার আয়োজন করে আসছে।
সম্প্রতি রাজধানীর একটি অভিজাত মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে এই সপ্তম আসরের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এ বছর ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ আরও আকর্ষণীয় ও বর্ণাঢ্য পরিসরে আয়োজিত হতে যাচ্ছে। দেশের আটটি বিভাগীয় শহর এবং কুমিল্লায় প্রাথমিক অডিশনের মাধ্যমে শিক্ষার্থীদের বাছাই করা হবে। নির্বাচিত শিক্ষার্থীরা পরবর্তীতে ঢাকার মূল স্টুডিও রাউন্ডে অংশগ্রহণের সুযোগ পাবে। মোট ২১টি পর্বের এই জমকালো প্রতিযোগিতাটি যথারীতি চ্যানেল আই-এর পর্দায় সম্প্রচারিত হবে।
এবারের প্রতিযোগিতায় দেশের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির যেকোনো শিক্ষার্থী অংশ নিতে পারবে। গত ২৭ জুন, ২০২৬ থেকে প্রতিযোগিতার নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে আজ ৩০ জুলাই, ২০২৬ পর্যন্ত।
এবারের আসরে শিক্ষার্থীদের মেধা মূল্যায়নে মূল বিচারকের দায়িত্বে থাকছেন দেশের খ্যাতনামা তিন ব্যক্তিত্ব। তারা হলেন— ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও ভাষাবিদ ড. তারিক মনজুর, বিশিষ্ট কথাসাহিত্যিক আনিসুল হক এবং বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ত্রপা মজুমদার মহা লড়াই শেষে চূড়ান্ত প্রতিযোগিতায় শীর্ষস্থান অধিকারীদের জন্য থাকছে বিপুল অঙ্কের মেধাবৃত্তি।
প্রথম স্থান অধিকারী চ্যাম্পিয়ন পাবে ১০ লক্ষ টাকার মেধাবৃত্তি। এছাড়া দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর জন্য থাকছে যথাক্রমে ৩ লক্ষ ও ২ লক্ষ টাকার মেধাবৃত্তি। পাশাপাশি প্রথম দশজন প্রতিযোগী (টপ-১০) প্রত্যেকে পাবে একটি করে ল্যাপটপ, বিপুল পরিমাণ বই এবং একটি করে দৃষ্টিনন্দন বইয়ের আলমারি।
আয়োজন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইস্পাহানি গ্রুপের পরিচালক জাহিদা ইস্পাহানি ও মির্জা আহমেদ ইস্পাহানি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক মনসুর মুসা।
এছাড়া আরও উপস্থিত ছিলেন চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং ইস্পাহানি টি লিমিটেড-এর মহাব্যবস্থাপক ওমর হান্নান। সংবাদ সম্মেলনে বক্তারা নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষার শুদ্ধ রূপ ও সংস্কৃতি ছড়িয়ে দিতে এই আয়োজনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন।
সানশাইন /শামি