সর্বশেষ সংবাদ :

১ম আন্তঃবিশ্ববিদ্যালয় তায়কোয়ান্ডো চ্যাম্পিয়ন রাবি

রাবি প্রতিনিধি: ১ম আন্তঃবিশ্ববিদ্যালয় তায়কোয়ান্ডো (ছাত্র-ছাত্রী) চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। রবিবার বিকেলে রাবি জিমনেসিয়ামে তিনদিনব্যাপী এই প্রতিযোগিতার পুরস্কার প্রদান করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ। আন্তঃবিশ্ববিদ্যালয় গেমস সাব-কমিটির সভাপতি কৃষি অনুষদের অধিকর্তা প্রফেসর মো. আরিফুর রহমানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে উপ-উপাচার্যদ্বয় ছাড়াও বিশেষ অতিথি কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, সিন্ডিকেট সদস্য প্রফেসর রেজাউল করিম-২, রাবি শরীরচর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোসা. রোকসানা বেগম বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ প্রফেসর মো. আরিফুল ইসলাম, শাহ মখদুম হলের প্রাধ্যক্ষ প্রফেসর সৈয়দ সরওয়ার জাহান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামান, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. হাসনাত কবীরসহ সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন স্বাগতিক রাবির ছাত্ররা ৪টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জ ও ছাত্রীরা ৬টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জ অর্জন করে। প্রথম রানার আপ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ২টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জ এবং ছাত্রীরা ১টি স্বর্ণ ও ২টি রৌপ্য অর্জন করে। দ্বিতীয় রানার আপে ছাত্রদের মধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা ১টি স্বর্ণ অর্জন করে। এই প্রতিযোগিতায় ৭টি বিশ্ববিদ্যালয়ের ৭১ জন প্রতিযোগী অংশ নেয়।


প্রকাশিত: জুন ২৯, ২০২৬ | সময়: ৪:০৮ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর