, , ।
শাহালাল ইসলাম রাজশাহীঃ
রাজশাহীর গোদাগাড়ীতে প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ রানার তাৎক্ষণিক ও সাহসী তৎপরতায় একটি বড় আগ্নেয়াস্ত্র ও গুলির চালান জব্দ করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা থেকে কুষ্টিয়ায় পাচারকালে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ৫৩ রাউন্ড গুলিসহ দুজনকে আটক করে পুলিশ।
মঙ্গলবার (০২ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের রাজাবাড়ীহাট এলাকায় এই সফল অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিরা হলেন—কুষ্টিয়া সদর উপজেলার বটতলী চারমাথা গ্রামের বাসিন্দা দুলাল শেখ (৩৬) ও একই এলাকার সানজিদা আকতার শিমু (১৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. মাসুদ রানা একটি নির্ভরযোগ্য গোপন সূত্রের মাধ্যমে জানতে পারেন যে, চাঁপাইনবাবগঞ্জের কানসাট এলাকা থেকে একটি প্রাইভেটকারে করে অস্ত্রের একটি বড় চালান কুষ্টিয়ার উদ্দেশে রওনা হয়েছে। অত্যন্ত সংবেদনশীল ও ঝুঁকিপূর্ণ এই তথ্যের ওপর ভিত্তি করে এসআই মাসুদ রানা কালক্ষেপণ না করে বিষয়টি তাৎক্ষণিকভাবে গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপারকে অবহিত করেন।
এসআই মাসুদের দেওয়া এই নিখুঁত ও অগ্রিম তথ্যের ভিত্তিতেই দ্রুত অ্যাকশনে নামে পুলিশ। গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর্জা মো. আব্দুস ছালামের নেতৃত্বে প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্র ও গোদাগাড়ী মডেল থানা পুলিশের একটি যৌথ দল রাজাবাড়ীহাট এলাকায় জরুরি চেকপোস্ট স্থাপন করে।
বিকেল ৪টার দিকে সন্দেহভাজন প্রাইভেটকারটি চেকপোস্টে পৌঁছালে পুলিশ সেটির গতি রোধ করে। পরে গাড়িটির ব্যাকডালা তল্লাশি করে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ৫৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় অস্ত্র বহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দসহ ওই দুজনকে আটক করা হয়। অভিযানের শুরু থেকে শেষ পর্যন্ত এসআই মাসুদ রানা অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করেন।
প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসএম মাকসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এসআই মাসুদ রানার পাওয়া গোপন তথ্যের ভিত্তিতে দ্রুত ও সমন্বিত অভিযান চালিয়ে এই অস্ত্রের চালানটি ধরা সম্ভব হয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে এই অস্ত্র চোরাচালান চক্রের অন্য সদস্যদের সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।
গোদাগাড়ী মডেল থানায় এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং বুধবার সকালে আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানিয়েছে পুলিশ।
সানশাইন /শামি