সর্বশেষ সংবাদ :

তিস্তা মহাপরিকল্পনার কাজ শিগগির শুরু হবে: ত্রাণমন্ত্রী

সানশাইন ডেস্ক: তিস্তা মহাপরিকল্পনার কাজ শিগগির শুরু হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মধ্য দিয়ে তিস্তা মহাপরিকল্পনার কাজ শিগগির শুরু হবে।
সোমবার লালমনিরহাট জেলা স্টেডিয়ামে একটি বেসরকারি কোম্পানির চাকরি মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আসাদুল হাবিব দুলু বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী আগামী পাঁচ বছরে দেশে এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।
মন্ত্রী বলেন, দেশে বেকারত্ব বর্তমানে একটি বড় অভিশাপ হিসেবে দেখা দিয়েছে এবং তা ভয়াবহ রূপ ধারণ করেছে। এ সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যে নানা ধরনের পরিকল্পনা নিয়েছেন। ধীরে ধীরে আগামী পাঁচ বছরের মধ্যে এসব পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করা হবে। পাশাপাশি হতদরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে খাল খননসহ বিভিন্ন কর্মসূচিও বাস্তবায়ন শুরু হয়েছে। এতে হতদরিদ্র মানুষেরা কাজের সুযোগ পাচ্ছেন।
এ সময় লালমনিরহাটের জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হকসহ আয়োজক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, চাকরি মেলায় জেলার কয়েক হাজার তরুণ-তরুণী অংশ নেন। সেখানে তাৎক্ষণিক সাক্ষাৎকারের ভিত্তিতে চাকরির সুযোগ দেওয়া হয়। এতে এক হাজার বেকার তরুণ-তরুণীর চাকরির ব্যবস্থা করা হবে।


প্রকাশিত: May 12, 2026 | সময়: 4:22 am | সুমন শেখ

আরও খবর