হাম: মারা গেছে আরো ৯ শিশু, ৩৫০ ছাড়াল মৃত্যু

সানশাইন ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত হয়ে তিনজন এবং হামের উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ৪৮৯ জনের শরীরে ভাইরাসজনিত ছোঁয়াচে এই রোগ শনাক্ত হয়েছে।
সারাদেশে গেল ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম আক্রান্ত হয়ে ৬১ শিশুর মৃত্যুর তথ্য শনিবার স্বাস্থ্য অধিদপ্তর দিয়েছে। এ সময়ে হামের উপসর্গ নিয়ে ২৯১ জন মারা গেছে। বুলেটিনে বলা হয়েছে, এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ১৩৫ জন ঢাকা বিভাগে মারা গেছে; আর ৭৮ জন রাজশাহী বিভাগের। এর পরেই রয়েছে চট্টগ্রাম বিভাগ, সেখানে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ২৫, খুলনায় ১৮ জন ও বরিশালে ১২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গেল ২৪ ঘণ্টায় ৯৪৬ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছে; তাদের মধ্যে ৭৬৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময়ে হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩৫৩ জন ভর্তি হয়েছে ঢাকার হাসপাতালগুলোতে। আর সবচেয়ে কম ১ জন ভর্তি হয়েছে রংপুরে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ হাজার ৬৫৬। এদের মধ্যে ৬ হাজার ৯৭৯ জনের হাম শনাক্ত হয়েছে।


প্রকাশিত: মে ১০, ২০২৬ | সময়: ৫:২৫ পূর্বাহ্ণ | সুমন শেখ