, , ।
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচনের চার বছর পরে দায়িত্ব পেলেন। গত ৪ বছর ধরে দীর্ঘ আইনী লড়াইয়ের পর অবশেষে আদালতের রায়ে প্রকৃত নির্বাচিত চেয়ারম্যান আতাউর রহমান তাঁর দায়িত্ব বুঝে পেলেন।
জানা গেছে, গত ২০২১ সালের ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে জয়পুরহাট সদর উপজেলার ৯ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে বম্বু ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে সতন্ত্র প্রার্থী (মোটরসাইকেল মার্কা) আতাউর রহমানের প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন (নৌকা মার্কা) তৎকালীন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও প্রভাবশালী প্রবীন নেতা সামছুল আলম মোল্লা। প্রায় ভোটার বিহীন ওই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার একদিন পর প্রকৃত আতারউর রহমানকে ১২১ ভোটে পরাজিত দেখিয়ে সামছুল আলম মোল্লাকে বিজয়ী ঘোষণা করা হয়।
এরপর নির্বাচনী ফলাফলের বিষয়ে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে আতাউর রহমান বাদি হয়ে নির্বাচন ট্রাইবুনাল আদালতে একটি মামলা দায়ের করেন। দীর্ঘ সময় মামলা চালানোর পর উচ্চ আদালতের নির্দেশে পূর্বের ফলাফল অবৈধ ঘোষণা করে আতাউর রহমানের পক্ষে রায় ঘোষণা করেন। সংশ্লিষ্ট বিষয়ে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী পূর্বের আদেশ বাতিল করা হয়েছে এবং পাশাপাশি নির্বাচন ট্রাইব্যুনালের রায়ও বহাল রাখা হয়েছে। ফলে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দায়িত্ব পালনের বিষয়ে নতুন করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এ বিষয়ে জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে জারি করা এক পত্রে জানানো হয়, গেজেট প্রকাশের পর আইন অনুযায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
এ ক্ষেত্রে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ অনুযায়ী দ্রুত দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করার কথা বলা হয়েছে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও কর্মকর্তাদেরও বিষয়টি অবহিত করা হয়েছে।
দায়িত্বপ্রাপ্ত বম্বু ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান বলেন, মামলার দীর্ঘ শুনানী শেষে আদালতের এই রায়ে আমি ন্যায় বিচার পেয়েছি।