সর্বশেষ সংবাদ :

আওয়ামী লীগ আমলে লাইসেন্স পাওয়া ১০ হাজার আগ্নেয়াস্ত্র জমা পড়েনি: স্বরাষ্ট্রমন্ত্রী

সানশাইন ডেস্ক: বিগত সরকারের আমলে ‘রাজনৈতিক বিবেচনায়’ ইস্যু করা প্রায় ১০ হাজার লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র এখনো জমা পড়েনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
বুধবার দুপুরে রাজধানীর ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেশন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। মন্ত্রী জানান, আইন-শৃঙ্খলা রক্ষা, অবৈধ অস্ত্র উদ্ধার, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং আসন্ন ঈদুল আযহার প্রস্তুতিসহ বিভিন্ন জাতীয় বিষয়ে ডিসিদের সামনে সরকারের অবস্থান তুলে ধরা হয়েছে।
“রাজনৈতিক বিবেচনায় দেওয়া এসব আগ্নেয়াস্ত্র দ্রুত জমা ও উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।” এ বিষয়ে প্রয়োজনে মামলা দায়ের এবং অস্ত্র বাজেয়াপ্ত করার নির্দেশনার কথাও সালাহউদ্দিন আহমেদ বলেন।
তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত ‘নীতি বহির্ভূতভাবে’ দেওয়া অস্ত্রের লাইসেন্সগুলো জেলা পর্যায়ের কমিটির মাধ্যমে যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
“বিগত সরকারের আমলে দায়ের করা রাজনৈতিক ও হয়রানিমূলক গায়েবি মামলাগুলো প্রত্যাহারের বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশ সুপারদের সমন্বয়ে গঠিত কমিটি এসব আবেদন যাচাই করবে। তবে হত্যা, অস্ত্র ও মাদক পাচারের মত গুরুতর অপরাধের মামলা এই প্রক্রিয়ার বাইরে থাকবে।”
বৈষম্যবিরোধী আন্দোলনের পর দায়ের হওয়া মামলাগুলোতে নিরপরাধ ব্যক্তি বা সাংবাদিক যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে ডিসিদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়ার কথা বলেন মন্ত্রী। সেইসঙ্গে ‘প্রকৃত’ অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার এবং ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে’ জড়ানো ব্যক্তিদের আইনি প্রক্রিয়ায় অব্যাহতি দেওয়ার কথাও তিনি বলেন।


প্রকাশিত: May 7, 2026 | সময়: 3:39 am | সুমন শেখ