সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে বাংলাদেশ- শ্রীলঙ্কা সিরিজ নির্ধারণী ম্যাচ আজ

ফয়সাল আলমঃ রাজশাহীতে বাংলাদেশ – শ্রীলঙ্কা সিরিজ নির্ধারণী ম্যাচ আজ। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে আজ (শনিবার) সকাল ৯ টায় সিরিজ নির্ধারণী এই ম্যাচে বাংলাদেশ ও শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল পরস্পরের মুখোমুখি হবে। ম্যাচ উপভোগ করতে কোন টিকেট লাগবে না।
রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৩ উইকেটে জয়লাভ করে বাংলাদেশের মেয়েরা। সিরিজ নিজেদের করে নিতে গত বুধবার মাঠে নামে তারা। পক্ষান্তরে সিরিজে সমতা ফেরাতে বদ্ধপরিকর ছিল শ্রীলঙ্কার মেয়েরা। শেষ পর্যন্ত চমৎকার খেলা উপহার দিয়ে শ্রীলঙ্কার মেয়েরা ৪ উইকেটে বাংলাদেশের মেয়েদের পরাজিত করে সিরিজে সমতা ফিরিয়ে আনে।
সিরিজে সমতা ফেরানোর কারণে আজকের ম্যাচটি অলিখিত ফাইনালে পরিণত হয়েছে। তাই উভয় দলই চাইবে আজকের ম্যাচ জিতে সিরিজ জয় করতে। এদিকে রাজশাহীতে বর্তমানে তীব্র তাপদাহ চলছে। রাজশাহীতে তাপমাত্রা পৌঁছেছে ৪০ ডিগ্রিতে। তীব্র তাপদাহে খেলতে উভয় দলকেই যথেষ্ট বেগ পেতে হচ্ছে।
এদিকে প্রচন্ড গরম ও রোদ উপেক্ষা করে গ্যালারিতে বেশ কিছু সংখ্যক দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়। ম্যাচ উপভোগ করতে মাঠে এসেছিলেন আসাদুজ্জামান নামের এক ব্যবসায়ী। সঙ্গে ছিল তাঁর দশ বছরের শিশু পুত্র।
তিনি বলেন, “রাজশাহীতে খেলাধুলা কম। স্টেডিয়াম থাকা সত্বেও এখানে খেলাধুলা খুব একটা হয়না। তাই সুযোগ পেয়ে তিনি তাঁর সন্তানকে নিয়ে মাঠে এসেছেন খেলা উপভোগ করতে।” তিনি রাজশাহীতে বিপিএল আয়োজনের জোর দাবী জানান।


প্রকাশিত: April 25, 2026 | সময়: 4:22 am | সুমন শেখ

আরও খবর