, , ।
সানশাইন ডেস্ক: অপুষ্টির কারণেও হামে আক্রান্ত শিশুদের মধ্যে শারীরিক জটিলতা বাড়ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। এজন্য শিশুর পুষ্টিকর খাদ্য এবং মায়ের দুধ নিশ্চিত করার কথা বলেছেন তিনি।
বৃহস্পতিবার ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের মিলনায়তনে জাতীয় পুষ্টি সপ্তাহের অনুষ্ঠানে কথা বলছিলেন স্বাস্থ্যমন্ত্রী। পুষ্টির বার্তা দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন মন্তব্য করে তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে পুষ্টি সচেতনতা বৃদ্ধি পেলে একটি সুস্থ, সবল ও মেধাবী প্রজন্ম গড়ে তোলা সম্ভব হবে।
“কেবল একটি ভিটামিন বা এক ফাইল ওষুধ খেয়ে জীবন চলে না। মায়ের দুধ এমন একটি প্রাকৃতিক পুষ্টি, যা শিশুর শরীর গঠন তৈরি করে এবং এর প্রভাব দীর্ঘস্থায়ী। কিন্তু বর্তমানে অনেক মা বুকের দুধ খাওয়াতে আগ্রহ হারাচ্ছেন, যা উদ্বেগজনক।” স্বাস্থ্যমন্ত্রী বলেন, “সবকিছু ওষুধ দিয়ে সম্ভব নয়। কাউন্সেলিংয়ের মাধ্যমে মানুষকে সচেতন করতে হবে। পুষ্টি মানেই শুধু শরীর নয়, এটি মেধা ও কর্মক্ষমতা বৃদ্ধিরও শক্তি।”
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আগের ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে ১৫ মার্চ থেকে দেশে হাম আক্রান্ত হয়ে মৃত্যু হলো ৩৯ জনের। সবচেয়ে বেশি মৃত্যু হয় ঢাকা বিভাগে; ২৫ জন। এছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১৯৪ জন। এর মধ্যে সবচেয়ে বেশি ৯০ জন ঢাকা বিভাগে মারা গেছে; আর ৬৬ জন রাজশাহী বিভাগের।