, , ।
বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিকে হাত ভেঙ্গে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে। রোববার সন্ধ্যায় উপজেলার জোনাইল এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনার পরও ওই নেতা-কর্মীদের হুমকিধামকি অব্যাহত রয়েছে।
এ ঘটনায় মঙ্গলবার থানায় দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৭-৮ জনের নামে লিখিত অভিযোগ করা হয়েছে। একই দিনে জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ওই সাংবাদিক। এর আগেও তিনি তাদের নামে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।
ভুক্তভোগী সাংবাদিকের নাম জাহাঙ্গীর আলম (৩৯)। তিনি জাতীয় দৈনিক খবরপত্রের উপজেলা প্রতিনিধি ও উপজেলার জোনাইল ইউনিয়নের বোর্ণী গ্রামের নাজমুল হকের ছেলে।
লিখিত বক্তব্যে জাহাঙ্গীর আলম বলেন, দীর্ঘদিন ধরে অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশ করায় একটি প্রভাবশালী মহল ক্ষুব্ধ হয়ে ওঠে এবং তাকে বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল।
তারই জের ধরে গত রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার জোনাইল বাজারের স্থানীয় বিএনপির নেতা আনিছ আলী মোল্লা ও সামাদ আলী মোল্লা তার উপর হামলা চালিয়ে এলোপাথাড়ি মারধর করে। এতে তার বাম হাত ভেঙ্গে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ডলি রানী বলেন, জাহাঙ্গীর আলম নামের এক রুগীকে ভর্তি করা হয়েছে। তার বাম হাত ভেঙ্গে গেছে। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
জাহাঙ্গীর আলম আরো বলেন, আমাকে মেরে হাত ভেঙ্গে দেয়ার পরেও হামলাকারীরা আমার পরিবারকে বিভিন্ন রকম হুমকি দিচ্ছে। এতে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।
এ ব্যাপারে জানতে চাইলে আনিছ আলী মোল্লা বলেন, তার সাথে সামান্য কথাকাটি হয়েছে। মারপিটের কোন ঘটনা ঘটেনি।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।