বাগমারায় পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

স্টাফ রিপোর্টার, বাগমারা: রাজশাহীর বাগমারার এক পলাতক যুবলীগ নেতার পুকুরে বিষ দিয়ে প্রায় ৩০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার সকালে উপজেলার নুরপুর গ্রামে ওই পুকুরে রুই, কাতলা সহ কার্প জাতীয় মরে ভেসে ওঠে। ধারণা করা হচ্ছে, গত শুক্রবার রাতে পুকুরটিতে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা।
ওই যুবলীগের নেতার নাম সোহেল রানা। তিনি উপজেলার তাহেরপুর পৌরসভা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ও নুরপুর গ্রামের বাসিন্দা। শুরু থেকেই তিনি কারাবন্দী তাহেরপুর পৌরসভার সাবেক মেয়র বাগমারার সাবেক এমপি অধ্যক্ষ আবুল কালাম আজাদের বিশ্বস্থ সহচর হিসাবে পরিচিতি লাভ করেন।
পরে তিনি আবুল কালামের ছত্রছায়ায় বাগমারায় বিশাল পুকুর খনন সিন্ডিকেট গড়ে তুলেন। তার কারণেই আবুল কালাম ভ্যেকু কালাম উপাধী লাভ করেন। গত ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে আছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, যুবলীগ নেতা সোহেল রানা দীর্ঘদিন ধরে বাড়ির পাশের ১২ বিঘা আয়তনের একটি পুকুর ইজারা নিয়ে মাছ চাষ করে আসছিলেন। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি পালিয়ে থাকার কারণে তাঁর স্বজনেরা দেখাশোনা করছিলেন। তবে নিরাপত্তাহীনতার কারণে সেখানে কোনো পাহারাদার ছিল না।
পুকুরে বিষ প্রয়োগের কারণে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে দাবি করে সোহেল রানা বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর তাঁর কয়েকটি পুকুর বেদখল হয়ে যায়। বাড়ির কাছের পুকুরটি তাঁর স্বজনেরা দেখাশোনা করে আসছেন। হুমকির কারণে পাহারাদার রাখা সম্ভব হয়নি। কারা বিষ প্রয়োগ করেছে-তা জানতে পারেননি। এ বিষয়ে থানায় মামলা বা অভিযোগ করা হয়নি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পুকুরটিতে মাছ মরে ভেসে আছে। কয়েকজন মিলে সেগুলো তুলছেন।
এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান।


প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৬ | সময়: ৪:২৭ পূর্বাহ্ণ | সুমন শেখ