, , ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আদলে ভূয়া কার্ড তৈরি করে চাল ও অন্যান্য সামগ্রী বিতরণের নামে প্রতারণার অভিযোগ উঠেছে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। জেলার শিবগঞ্জ উপজেলার ১৪ নম্বর ধাইনগর ইউনিয়ন সহ বিভিন্ন এলাকায় পরিচালিত এ কর্মকাণ্ডে প্রায় ২০ হাজার অসহায় ও দুস্থ মানুষ প্রতারণার শিকার হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
অভিযোগে বলা হয়েছে, ‘মেসার্স মাসকুরা ট্রেডার্স’ নামে একটি প্রতিষ্ঠান ভূয়া কার্ড তৈরি করে সুবিধাভোগীদের কাছ থেকে অর্থ আদায় করছে। এভাবে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে প্রায় ৮ কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে দাবি করা হয়েছে।
সোমবার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ধাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ এ অভিযোগ উত্থাপন করেন।
তিনি বলেন, প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী জেসমিন বেগম ও তার সহযোগী একটি প্রতারক চক্র দীর্ঘদিন ধরে সরকারি কর্মসূচির নাম ভাঙিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে।
চেয়ারম্যান আব্দুল লতিফ আরও অভিযোগ করেন, এই প্রতারণা চক্রের কার্যক্রমে বাধা দিতে গিয়ে তিনি একাধিকবার হুমকি ও হয়রানির শিকার হয়েছেন। এমনকি দায়িত্ব পালন করতে গিয়ে জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটও একই ধরনের প্রতিবন্ধকতার মুখে পড়েছেন বলে তিনি দাবি করেন।
তবে এখন পর্যন্ত সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। এতে প্রশাসনের গাফিলতি রয়েছে বলেও মন্তব্য করেন চেয়ারম্যান।
তিনি দ্রুত সময়ের মধ্যে এ ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অন্যথায় প্রতারণার পরিধি আরও বিস্তৃত হয়ে বিপুলসংখ্যক সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেন তিনি।
সংবাদ সম্মেলনে ছিলেন ধাইনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য গোলাম রাব্বানি টিটু, স্থানীয় ব্যবসায়ী রফিকুল ইসলাম, গোলাম জাকারিয়া এবং চেয়ারম্যানের ছেলে মো. নাদিমসহ অন্যান্যরা।
এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।