, , ।
আক্কেলপুর প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুরে গভীর রাতে সেচ পাম্পের মালিককে বেঁধে রেখে নির্যাতনের পর তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমারের কয়েল লুটের ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাতে উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের নওদুয়ারী মাঠে এ ঘটনা ঘটে। দূর্বৃত্তদের মারধরে গুরুতর আহত হয়েছেন সেচ পাম্প মালিক আব্দুর রশিদ মিলন (৪০)। তিনি বর্তমানে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের কোনো এক সময় ৫ থেকে ৬ জনের একটি সংঘবদ্ধ দল মাঠের মধ্যে থাকা সেচ পাম্পে হানা দেয়। তারা প্রথমে মিলনকে এলোপাতাড়ি মারধর করে হাত-পা বেঁধে ফেলে। এরপর কাছাকাছি তিনটি বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার নামিয়ে এর ভেতরের মূল্যবান কয়েল খুলে নিয়ে যায়। সকালে স্থানীয়রা মিলনকে হাত-পা বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
স্থানীয় ইউপি সদস্য সাইদুল ইসলাম সানু বলেন, তিনি পাশের একটি সেচ পাম্পে অবস্থান করছিলেন। সকালে ঘটনাস্থলে এসে মিলনকে বাঁধা অবস্থায় দেখতে পান এবং ট্রান্সফরমারের কয়েল চুরির বিষয়টি নিশ্চিত হন। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন রেজা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।