, , ।
বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে শহীদ মিনার ধসে সায়মন হোসেন (১৭) নামে এক মাদরাসা ছাত্র গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা গুরুতর বলে জানা গেছে। রোববার দুপুরে উপজেলার ধনাইদহ ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে এ দুর্ঘটনা ঘটে। আহত সায়মন ধানাইদাহ গ্রামের বাবুল আক্তারের ছেলে। সে ওই মাদরাসার আলিম প্রথম বর্ষের ছাত্র।
আহতের সহপাঠী জিহাদ ও রাহাত জানান, সায়মন মাদরাসার পরীক্ষা শেষে মাদ্রাসা মাঠে অবস্থিত শহীদ মিনারের নিচে যায়। এ সময় হঠাৎ করেই পুরোনো শহীদ মিনারটি একটি স্তম্ভ ভেঙে তার ওপর পড়ে। এতে সায়মন গুরুতর আহত হয়। পরে বন্ধুদের চিৎকারে শিক্ষক-শিক্ষিকা ও অন্যান্য শিক্ষার্থীরা ঘটনাস্থলে ছুটে এসে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করেন।
পরে স্বজনরা দ্রুত তাকে বনপাড়া পাটোয়ারী হাসপাতালে নিয়ে যান। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আকমল হোসাইন জানান, শহীদ মিনারটি পুরনো ও জরাজীর্ণ হয়ে পড়েছিল। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।