ব্যবসায়ীসহ দুই জনের ৫০ হাজার টাকা জরিমানা: বড়াইগ্রামে বরাদ্দের তেল গোপনে বিক্রি ও অবৈধ মজুদের অভিযোগ

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে অবৈধভাবে মজুদ করে বেশি দামে তেল বিক্রি এবং ডিপো থেকে বরাদ্দ দেয়া তেল কালোবাজারে বিক্রি করে দেয়ায় ব্যবসায়ীসহ দুই জনের ৪৯ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে। রোববার দুপুর ও শনিবার রাতে পৃথক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে এসব জরিমানা করা হয়। এ সময় মজুদ করা ৯১ লিটার ডিজেল জব্দ করা হয়েছে।
স্থানীয়রা জানান, সম্প্রতি চকপাড়া গ্রামের রিয়াজুল হক রিজু ও তার ছেলে রুবেল হোসেন উপজেলার রয়না ফিলিং স্টেশন সংলগ্ন সুবর্ণ হোটেলে তেল মজুদ করে গোপনে বেশি দামে বিক্রি করে আসছিলেন। রোববার গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জুবায়ের জাহাঙ্গীর সেখানে অভিযান চালিয়ে ৯১ লিটার তেল জব্দ করেন। এ সময় রিয়াজুল হক রিজু ও তার ছেলে পালিয়ে যান।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রিজুর স্ত্রী রাইমা খাতুনকে সাড়ে ৯ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে জব্দ করা তেল বিক্রি করে প্রাপ্ত ১০ হাজার ৪৬৫ টাকা সরকারী কোষাগারে জমা করা হয়।
অপরদিকে, গত বৃহস্পতিবার সিরাজগঞ্জের বাঘাবাড়ি ডিপো থেকে উপজেলার মৌখাড়া বাজারের মেসার্স সুজন এন্টারপ্রাইজের নামে দুই হাজার লিটার পেট্রোল বরাদ্দ দেয়া হয়। কিন্তু তিনি সেই তেল তার দোকানে না এনে গোপনে কালোবাজারে বিক্রি করে দেন।
শনিবার রাতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের জাহাঙ্গীর সেখানে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পান। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সুজন এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী সুজন মন্ডলকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।


প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬ | সময়: ৪:৪০ পূর্বাহ্ণ | সুমন শেখ