বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
রাণীনগর প্রতিনিধি: নওগাঁর রানীনগরে নোট দেওয়ার কথা বলে কমন রুমে ডেকে নিয়ে নবম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে শিক্ষক শ্রীদাম কুমার মন্ডল (৪৩) এর বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠানের সভাপতি রাকিবুল হাসান। অভিযুক্ত শিক্ষক উপজেলার দেউলিয়া মনিকহার উচ্চ বিদ্যালয়ের কৃষি শিক্ষা বিষয়ের শিক্ষক।
জানা যায়, গত বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে শিক্ষক শ্রীদাম কুমার মন্ডল স্কুল ছুটির পর বিদ্যালয়ের নবম শ্রেণির এক শিক্ষার্থীকে নোট দেওয়ার কথা বলে অপেক্ষা করতে বলেন। পরে কমন রুমে নিয়ে লাইট বন্ধ করে শিক্ষার্থীকে জড়িয়ে ধরে যৌন হয়রানির চেষ্টা করে।
এরপর ভুক্তভোগী শিক্ষার্থী বাড়িতে ফিরে বিষয়টি তার বাবাকে জানালে বৃহস্পতিবার বিকেলে ভুক্তভোগীর বাবা, সহপাঠী ও স্থানীয় লোকজন বিদ্যালয়ে এসে অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবি জানান। তবে অভিযুক্ত শিক্ষককে বিদ্যালয়ে না পেয়ে তারা প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে রাখেন।
খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন এবং রানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করে। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করেন।
এ বিষয়ে জানতে অভিযুক্ত শিক্ষক শ্রীদাম কুমার মন্ডলের ফোনে একাধিকবার কল দিলেও সেটা বন্ধ থাকায় তার কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
সত্যতা নিশ্চিত করে প্রধান শিক্ষক দুলাল চন্দ্র প্রাং বলেন, ওই শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় মিটিং করে বৃহস্পতিবার রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে সাময়িক বরখাস্ত করেন।