সর্বশেষ সংবাদ :

অসুস্থতা নিয়ে প্রায় পুরো ম্যাচ খেললেন রোনালদো

স্পোর্টস ডেস্ক: নির্ধারিত সময়ের এক মিনিট বাকি থাকতে মাঠ থেকে তুলে নেওয়া হলো ক্রিস্তিয়ানো রোনালদোকে। পর্তুগিজ মহাতারকা সরাসরি ঢুকে গেলেন টানেলে, যা হয়তো অবাক করে দেয় অনেককে। তবে ম্যাচের পর জানা গেল আসল কারণ।
আল নাস্র কোচ জর্জে জেসুস জানালেন, পেটে ব্যথা নিয়ে এই ম্যাচ খেলেছেন রোনালদো। তিনি এতটাই অসুস্থ বোধ করছিলেন যে, বদলি হিসেবে মাঠ ছাড়ার পর ড্রেসিং রুমে গিয়ে বমি করে ফেলেন।সৌদি প্রো লিগে বুধবার আল ইত্তিফাকের বিপক্ষে আল নাস্রের ১-০ গোলে জয়ের পর জেসুস বলেন, প্রথমে এই ম্যাচে রোনালদোকে খেলাতে চাননি তিনি।
“তাকে দলে না রাখার কথা ভেবেছিলাম আমি; সে ভালো অবস্থায় ছিল না। পেটে ব্যথা ও ক্লান্তিতে ভুগছিল সে। যখন তাকে বদলি করি, সে সোজা ড্রেসিং রুমে গিয়ে বমি করে।”৪১ বছর বয়সী রোনালদো এই ম্যাচে গোল করতে না পারলেও আল নাস্রের জয়ে অবদান রাখেন। ম্যাচের ৩১তম মিনিটে বক্সের বাইরে থেকে তার শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক, ফিরতি বল কাছ থেকে জালে পাঠিয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন কিংসলে কোমান।
ম্যাচে রোনালদোর একটি শট পোস্টে লাগে। তার আরেকটি প্রচেষ্টা গোললাইন থেকে ক্লিয়ার করা হয়।সৌদি প্রো লিগে ক্লাব রেকর্ড টানা ১৫তম জয়ের পর, দ্বিতীয় স্থানে থাকা আল হিলালের চেয়ে আট পয়েন্টে এগিয়ে গেছে আল নাস্র। ২৯ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে দলটি। ২৮ ম্যাচে ৬৮ পয়েন্ট আল হিলালের।
২০১৮-১৯ মৌসুমের পর প্রথম লিগ শিরোপা জয়ের পথে ভালোভাবেই এগিয়ে যাচ্ছে আল নাস্র। হাজার গোলের মাইলফলকের পথে ছুটতে থাকা রোনালদোর ক্যারিয়ার গোল এখন ৯৬৮টি। চলতি লিগে ২৪ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিনে আছেন তিনি। তার চেয়ে তিনটি গোল বেশি করে চূড়ায় আল আহলির ইংলিশ ফরোয়ার্ড আইভান টনি। গত দুই মৌসুমে সৌদি প্রো লিগের সর্বোচ্চ গোলদাতা ছিলেন রোনালদো।


প্রকাশিত: April 18, 2026 | সময়: 3:47 am | সুমন শেখ