সর্বশেষ সংবাদ :

মান্দায় নারী সমাবেশে ইউএনও আখতার জাহান : নারীরা সচেতন হলে সমাজ বদলাতে সময় লাগবে না

মান্দা প্রতিনিধি: নারীদের উন্নয়নমুখী এবং সামাজিকভাবে সচেতন করে তুলতে নওগাঁর মান্দা উপজেলায় এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৬ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার ভারশোঁ ইউনিয়নের আইওরপাড়া উচ্চ বিদ্যালয়ের হলরুম নারীদের নিয়ে এ সমাবেশের আয়োজন করা হয়। গণযোগাযোগ অধিদপ্তরের বহুমুখী প্রচার কার্যক্রমের অংশ হিসেবে নওগাঁ জেলা তথ্য অফিস সমাবেশটির আয়োজন করে।
মান্দা উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথী এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইওরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ রানা। নওগাঁ জেলা তথ্য অফিসের উপপরিচালক আবু সালেহ মাসুদুল ইসলামের সভাপতিত্বে উক্ত সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার বোরহান আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আখতার জাহান সাথী বলেন, ‘নারীরা আজ আর পিছিয়ে নেই। শিক্ষা, কর্মসংস্থান ও নেতৃত্বসব ক্ষেত্রেই তারা এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগ যেমন গাড়ি, কৃষি ঋণ, ক্ষুদ্র ঋণ, ফ্যামিলি কার্ড সহ নানা সামাজিক সুরক্ষা কর্মসূচি নারীদের স্বাবলম্বী করে তুলছে।’
তিনি আরও বলেন, ‘একটি উন্নত বাংলাদেশ গড়তে নারীর সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। মাদক, বাল্যবিবাহ ও সহিংসতা প্রতিরোধে নারীদের এগিয়ে আসতে হবে। পরিবার থেকেই সচেতনতা তৈরি করতে হবে। নারীরা যদি সচেতন হন, তাহলে সমাজ বদলাতে বেশি সময় লাগবে না।’
অনুষ্ঠানে নারী ক্ষমতায়ন, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকবিরোধী সচেতনতা, কৃষি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।
জেলা তথ্য অফিস, নওগাঁর আয়োজনে এবং আইওরপাড়া উচ্চ বিদ্যালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত এ সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা অংশগ্রহণ করেন। আয়োজনটি ছিল প্রাণবন্ত ও অর্থবহ।


প্রকাশিত: April 17, 2026 | সময়: 4:42 am | সুমন শেখ

আরও খবর