সর্বশেষ সংবাদ :

তীব্র রোদে পুড়ছে রাজশাহী

স্টাফ রিপোর্টার: পয়লা বৈশাখের শুরু থেকেই সারাদেশের মত রাজশাহীতেও তীব্র তাপপ্রবাহ শুরু হয়েছে। রোদের তাপে দাপট দেখাচ্ছে গরম। রাজশাহীসহ দেশের ছয়টি অঞ্চলের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এক দিনের ব্যবধানে দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠা-নামা করছে ৩ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের ভিতরে।
রাজশাহী আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, বৃহস্পতিবার রাজশাহীতে সব্বোর্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আদ্রতা ছিল ৭০ শতাংশ। আগেরদিন বুধবার রাজশাহীতে তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
সারাদিন রোদের তীব্রতায় ভূগতে হয়েছে শ্রমজীবি মানুষদের। জীবিকার তাড়নায় ঘরের বাহিরে বের হলেই সূর্যের অসহনীয় তাপে বিড়ম্বনায় পড়েছেন খোলা আকাশের নিচে কাজ করা মানুষেরা। নগরীর শালবাগান এলাকার নির্মাণ শ্রমিক আব্দুর রহমান বলেন,“সকাল থেকে বিকেল পর্যন্ত সূর্যের তাপে আমাদের কাজ করতে কষ্ট হচ্ছে। রোদের তাপে মনে হচ্ছে শরীরের চামড়া পুড়ে যাবে। একটু বৃষ্টি হলে আবহাওয়া নিয়ন্ত্রণে আসতো।”
নগরীর উপশহর এলাকার রিকশা চালক জসিম আলী জানান একই কথা। তিনি বলেন,“বেলা বাড়ার সাথে সাথেই গরমের প্রকোপ বাড়ছে। তীব্র গরম থাকায় মানুষজন ঘরের বাইরে খুবই কম বের হচ্ছে। সেজন্য আমাদের ভাড়াও কমেছে। এত গরম পড়তে থাকলে আমাদের মত খেটে খাওয়া মানুষদের জন্য কষ্ট।”
এদিকে ঢাকা আবহাওয়া অধিদপ্তরের প্রতিবেদন ও পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যায়।
বৃহস্পতিবার সন্ধ্যার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ শুক্রবার তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। হতে পারে শিলাবৃষ্টিও। শনিবার আবহাওয়ার তেমন কোনো তারতম্য না হলেও রোববার থেকে ফের তাপমাত্রা বাড়তে পারে।
তাপপ্রবাহের মাত্রা নির্ধারণে বলা হয়েছে, তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তা মৃদু, ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি হলে মাঝারি এবং ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি হলে তীব্র তাপপ্রবাহ হিসেবে বিবেচিত হয়। দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দুই থেকে চারটি মৃদু বা মাঝারি এবং এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। একই সঙ্গে ৫ থেকে ৭ দিন হালকা থেকে মাঝারি বজ্রঝড় এবং ১ থেকে ৩ দিন তীব্র কালবৈশাখির সম্ভাবনা রয়েছে। এসব ঝড়বৃষ্টির সময় তাপমাত্রা সাময়িকভাবে কমলেও পরে আবার তা বাড়তে পারে। জুন পর্যন্ত তিন থেকে চারটি তীব্র এবং ছয় থেকে আটটি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ হতে পারে।


প্রকাশিত: April 17, 2026 | সময়: 4:40 am | সুমন শেখ