সর্বশেষ সংবাদ :

যুদ্ধ চললেও যুক্তরাষ্ট্রের মাটিতেই বিশ্বকাপ খেলবে ইরান: ফিফা সভাপতি

স্পোর্টস ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান ভয়াবহ যুদ্ধ সত্ত্বেও ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে সব শঙ্কা উড়িয়ে দিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
বুধবার তিনি জোর দিয়ে জানিয়েছেন, এশিয়ার অন্যতম সেরা দল হিসেবে কোয়ালিফাই করা ইরান ‘অবশ্যই’ আসন্ন বিশ্বমঞ্চে অংশ নেবে। গত ২৮ ফেব্রুয়ারি দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। বিশেষ করে ইরানের গ্রুপ পর্বের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ার কথা থাকায় বিষয়টি রাজনৈতিকভাবে জটিল হয়ে পড়ে।
মার্চ মাসের শুরুর দিকে ইরান সরকারের পক্ষ থেকে দলকে যুক্তরাষ্ট্রে না পাঠানো অথবা ম্যাচগুলো মেক্সিকোতে সরিয়ে নেওয়ার দাবি তোলা হয়েছিল। তবে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শিউনবাম নিশ্চিত করেছেন যে, ফিফা সেই অনুরোধ নাকচ করে দিয়েছে। ওয়াশিংটনে সিএনবিসি-এর এক ফোরামে ইনফান্তিনো বলেন, ‘ইরান দল অবশ্যই আসছে। আমরা আশা করি ততদিনে পরিস্থিতি শান্ত হয়ে আসবে। কিন্তু ইরানকে আসতেই হবে, কারণ তারা তাদের দেশের মানুষের প্রতিনিধিত্ব করে। তারা যোগ্যতা অর্জন করেছে এবং খেলোয়াড়রা খেলতে চায়।’
তিনি আরও জানান, দুই সপ্তাহ আগে তুরস্কের আন্টালিয়ায় ইরানি দলের ট্রেনিং ক্যাম্পে গিয়ে তিনি খেলোয়াড়দের সঙ্গে দেখা করেছেন। ইনফান্তিনোর মতে, ‘খেলাধুলাকে রাজনীতির বাইরে রাখা উচিত। আমরা চাঁদে বাস করি না, এই পৃথিবীতেই থাকি; কিন্তু যদি কেউ দুই দেশের মধ্যে সেতুবন্ধন তৈরিতে বিশ্বাস না রাখে, তবে ফিফা সেই কাজটিই করে যাবে।’
নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১০ জুনের মধ্যে ইরান দলকে অ্যারিজোনার টুকসনে তাদের ট্রেনিং ক্যাম্পে পৌঁছাতে হবে। ১৫ জুন ক্যালিফোর্নিয়ার সোফাই স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ মিশন শুরু হবে। এরপর ২১ জুন একই ভেন্যুতে বেলজিয়াম এবং ২৬ জুন সিয়াটলে মিশরের মুখোমুখি হবে ইরান। ইরান দলের নিরাপত্তা ও অংশগ্রহণ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিশ্র মন্তব্য করেছেন। একাধারে তিনি যেমন বলেছেন ইরানি খেলোয়াড়দের তারকা হিসেবে সম্মান দেওয়া হবে, আবার অন্যদিকে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথাও উল্লেখ করেছেন। তবে ফিফা তাদের অবস্থানে অনড়; তাদের দাবি, যুদ্ধ চললেও ফুটবল তার নিজস্ব গতিতে এগিয়ে যাবে।


প্রকাশিত: April 17, 2026 | সময়: 4:33 am | সুমন শেখ

আরও খবর