, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী অঞ্চলে হামের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৭ জন শিশু একই উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বৃহস্পতিবার হাসপাতালটির মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শঙ্কর কে. বিশ্বাস গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় হামের সন্দেহভাজন উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৭ জন। এ সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৪ জন রোগী। তবে চিকিৎসাধীন অবস্থায় চার শিশুর মৃত্যু হয়েছে, যা উদ্বেগজনক।
বর্তমানে হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে ১৩২ জন রোগী। এ পর্যন্ত একই উপসর্গ নিয়ে মোট ৪৭৯ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মোট ৫০ জন। চিকিৎসকরা বলছেন, শিশুদের মধ্যে হামের সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে। আক্রান্তদের বেশিরভাগই অপুষ্টি ও দুর্বল রোগপ্রতিরোধ ক্ষমতার কারণে জটিলতায় ভুগছে। তাই অভিভাবকদের শিশুদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার পাশাপাশি দ্রুত চিকিৎসা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।