সর্বশেষ সংবাদ :

মান্দায় সিপিবির বিক্ষোভ ও লিফলেট বিতরণ

স্টাফ রিপোর্টার, নওগাঁ: ‘দুনিয়ার মজদুর এক হও’ স্লোগানকে সামনে রেখে এবং আমেরিকার সাথে দেশবিরোধী গোলামী চুক্তি বাতিলের দাবিতে নওগাঁর মান্দায় বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা সদর প্রসাদপুর বাজারে সিপিবি মান্দা উপজেলা কমিটির উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। মিছিলটি বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, সাম্রাজ্যবাদী শক্তির সাথে যেকোনো ধরনের অসম ও দেশবিরোধী চুক্তি দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। অবিলম্বে এসব চুক্তি বাতিল করে জনগণের স্বার্থ রক্ষা করতে হবে।
কর্মসূচিতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও নেতৃত্ব দেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ডা. ফজলুর রহমান। এসময় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি, মান্দা উপজেলা কমিটির সদস্য আব্দুস সোবহান সহ উপজেলা কমিউনিস্ট পার্টির অন্যান্য নেতাকর্মী ও স্থানীয় শ্রমজীবী মানুষ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে নেতৃবৃন্দ বাজারের ব্যবসায়ী ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন।


প্রকাশিত: April 10, 2026 | সময়: 5:32 am | সুমন শেখ

আরও খবর