বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, শিবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলায় মোটরসাইকেলে জ্বালানি তেল সরবরাহে স্বচ্ছতা নিশ্চিত করতে এবং অনিয়ম ও কালোবাজারি রোধে অ্যাপসভিত্তিক নতুন কার্যক্রম শুরু হয়েছে। তবে প্রথমদিনই দ্বিতীয়বার তেল নিতে গিয়ে শাস্তির মুখে পড়েছেন ২ জন গ্রাহক।
বুধবার ৮ এপ্রিল সকাল থেকে ফুয়েলপাশ নামক এ্যাপস এর মাধ্যমে তেল দেয়া আরম্ভ হয়েছে।তবে যারা রেজিস্ট্রেশন এখনও করেনি,তাদের ম্যানুয়ালি কাগজপত্র যাঁচাই করে তেল দেয়া হচ্ছে। এই উদ্যোগের আওতায় এখন থেকে নির্দিষ্ট নিয়ম মেনে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেল সরবরাহ করা হবে।
প্রশাসন ও পাম্প মালিকদের প্রত্যাশা, এই আধুনিক ও ডিজিটাল পদ্ধতির ফলে সাধারণ গ্রাহকরা যেমন সহজে সেবা পাবেন, তেমনি জ্বালানি খাতে সুশৃঙ্খল পরিবেশ ফিরে আসবে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে তেল সংগ্রহের সময় প্রত্যেক মোটরসাইকেল চালককে ডিজিটাল নম্বরপ্লেট, বৈধ ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির রেজিস্ট্রেশন সঙ্গে রাখতে হবে। পাম্পে তেল নেওয়ার সময় অ্যাপের মাধ্যমে সংশ্লিষ্ট মোটরসাইকেলের নথিপত্র যাচাই করা হবে, তাই নথিপত্রবিহীন কোনো বাইকে তেল সরবরাহ করা হবে না। প্রতিটি মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বরের বিপরীতে গৃহীত তেলের পরিমাণ একটি কেন্দ্রীয় ডাটাবেজে সংরক্ষিত থাকবে।
নির্দেশনায় বলা হয়েছে, প্রতিবার সর্বোচ্চ ৫০০ টাকার জ্বালানি তেল সরবরাহ করা হবে এবং একবার তেল নেওয়ার পর পরবর্তী ৫ দিনের মধ্যে জেলার অন্য কোনো পাম্প থেকে আর তেল নেওয়া যাবে না। যদি কোনো চালক এই সময়ের মধ্যে পুনরায় তেল সংগ্রহের চেষ্টা করেন, তবে অ্যাপের মাধ্যমে ওই বাইকটিকে ‘ব্লক’ করে দেওয়া হবে এবং তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে সদর ও শিবগঞ্জের বিভিন্ন পাম্পগুলো ঘুরে দেখা গেছে মোটরসাইকেলে তেল গ্রাহকদেও লাইন অন্যান্য দিনের থেকে কিছুটা ছোট। অ্যাপেসের মাধ্যমে তেল দেয়ার কারনে সময় কম লাগায় যারা রেজিষ্ট্রেশন করেছেন তাদের সময় কম লাগছে। তবে ম্যানুয়ারী জ্বালানি গ্রহীতের কাগজ যাঁচাই করতে গিয়ে সময় একটু বেশি লাগছে।
গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সি সভায় জানান, এই উদ্যোগের মাধ্যমে তেল বিক্রিতে অনিয়ম ও কালোবাজারি প্রতিরোধ করা সম্ভব হবে। পাশাপাশি সাধারণ গ্রাহকেরা নির্ধারিত নিয়মে সহজে ও স্বচ্ছভাবে তেল ক্রয় করতে পারবেন।
শিবগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌফিক আজিজ বলেন, বুধবার থেকে পর্যায়ক্রমে তেল বিতরণ করা শুরু হয়েছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, সকাল ৮টায় মেসার্স মির্জা ফিলিং স্টেশন, সকাল ৯টায় মেসার্স রাকিব অ্যান্ড ব্রাদার্স ফিলিং স্টেশন, সকাল ১০টায় মেসার্স সুমন ফিলিং স্টেশন এবং সকাল ১১টায় মেসার্স কেয়া ফিলিং স্টেশনে তেল বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। সকল সচেতন নাগরিককে ড্রাইভিং লাইসেন্স ও বৈধ রেজিস্ট্রেশন ছাড়া পেট্রোল পাম্পে না আসতে এবং প্রশাসনকে সহযোগিতা করতে কঠোরভাবে আহবান জানান তিনি।
এদিকে প্রথমদিনই ফুয়েল পাশ এ্যাপসের মাধ্যমে দ্বিতীয়বার তেল নিতে গিয়ে শাস্তি পেয়েছেন ২ গ্রাহক। বুধবার দুপুরে জেলার শিবগঞ্জ উপজেলার কানসাটের একটি পাম্পে এ শাস্তি দেন ভ্রাম্যমান আদালতের বিচারক।
এদের মধ্যে কানসাট ইউনিযনের বিশ্বনাথপুর গ্রামের ইসমাঈলের ছেলে নিশান আলীকে ২ শ টাকা জরিমানা এবং ২০ দিন পাম্প থেকে তেল গ্রহনে এ্যাপস ব্লক এবং অপরজনকে শুধু ২০ দিন পাম্প থেকে তেল গ্রহনে এ্যাপস ব্লক করার শাস্তি দেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) তৌফিক আজিজ।
তিনি জানান ফুযেল পাশ অ্যাপসের কারণে যাদের প্রকৃতপক্ষে তেলের দরকার তারা তেল পাবে এবং যারা ব্যবসার জন্য অথবা অসৎ উদ্দেশ্যে তেল সংগ্রহ করতে আসবে তারা এভাবে শাস্তির আওতায় আসবে। এজন্য সবাইকে তিনি সচেতন হওয়ার আহ্বান জানান।
এর আগে গত মঙ্গলবার সুষ্ঠভাবে প্রকৃত তেল গ্রাহকদের পর্যাপ্ত তেল দেয়ার লক্ষ্যে শিবগঞ্জ এবং গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে স্ব স্ব উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং সকল পেট্রোল পাম্প মালিকগণ ও ট্যাগ অফিসারগণ উপস্থিত ছিলেন। পাম্পগুলোতে শৃঙ্খলা ও সুষ্ঠু ব্যবস্থাপনা বজায় রাখা, অ্যাপের মাধ্যমে তেল বিক্রির প্রক্রিয়া, গ্রাহক নিবন্ধন ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।