সর্বশেষ সংবাদ :

রুয়েটে এ্যলামনাই ওয়েবসাইট চালু

স্টাফ রিপোর্টার: রাজশাহীর রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) তাদের সাবেক শিক্ষার্থীদের এক প্লাটফর্মে যুক্ত করতে এ্যলামনাই ওয়েবসাইট চালু করেছে। মঙ্গলবার দুপুরে উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক নিজ দপ্তরে আনুষ্ঠানিকভাবে ওয়েবসাইটটির উদ্বোধন করেন।
রুয়েট সূত্রে জানা গেছে, এ্যলামনাই গ্রুপে যুক্ত হতে ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে। প্রভিশনাল সার্টিফিকেট (পিভিসি) ভেরিফিকেশনের মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্তে অবস্থানরত রুয়েটের সাবেক শিক্ষার্থীরা এই প্লাটফর্মে যুক্ত হতে পারবেন। বাংলাদেশসহ সারা বিশ্বে ছড়িয়ে থাকা লক্ষাধিক রুয়েট গ্র্যাজুয়েট বর্তমানে বিভিন্ন দপ্তরে কর্মরত কিংবা উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত রয়েছেন। তাদের সবাইকে একটি নেটওয়ার্কে নিয়ে আসতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার প্ল্যানিং এবং এ্যলামনাই প্লেসমেন্ট সেন্টারের তত্ত্বাবধানে এবং শিক্ষার্থীদের সহযোগিতায় এই অফিসিয়াল এ্যলামনাই ওয়েবসাইট তৈরি করা হয়েছে। এ বিষয়ে ক্যারিয়ার প্ল্যানিং এবং এ্যলামনাই প্লেসমেন্ট সেন্টারের সহকারী পরিচালক মো. আবু ইসমাইল সিদ্দিকী জানান, এই প্লাটফর্মের মাধ্যমে একজন এ্যলামনাই অন্য এ্যলামনাইকে বিভিন্নভাবে সহযোগিতা করতে পারবেন এবং পেশাগত যোগাযোগ আরও সহজ হবে। ওয়েবসাইটটিতে যুক্ত হয়ে সাবেক শিক্ষার্থীরা বিশ্বের যেকোনো প্রান্তে থাকা অন্য এ্যলামনাইদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। পাশাপাশি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ ও খোঁজার সুযোগ, ব্যক্তিগত ব্লগ প্রকাশ, অসুস্থ রোগীর জন্য রক্তের আবেদন জানানো, প্রশাসনিক তথ্য আদান-প্রদান এবং মানবিক সহায়তার জন্য ফান্ড রেইজিংয়ের সুবিধাও থাকবে। এছাড়া বিভিন্ন ইভেন্ট আয়োজন ও প্রচারণার ক্ষেত্রেও ওয়েবসাইটটি কার্যকর ভূমিকা রাখবে বলে জানানো হয়েছে। রুয়েট প্রশাসন আশা প্রকাশ করেছে, সাবেক শিক্ষার্থীরা নিজেরা এই ওয়েবসাইটে যুক্ত হওয়ার পাশাপাশি অন্যদেরও রেজিস্ট্রেশনে উৎসাহিত করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার, গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আব্দুল খালেক, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. সামিউল হাবিব, যানবাহন শাখার প্রশাসক অধ্যাপক মো. ওয়াহেদুল ইসলাম তুষার, ছাত্রকল্যাণ দপ্তরের উপ-পরিচালক (অর্থ) অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মাহমুদ এবং ক্যারিয়ার প্ল্যানিং ও এ্যলামনাই প্লেসমেন্ট সেন্টারের সহকারী পরিচালক মো. আবু ইসমাইল সিদ্দিকীসহ অন্যান্যরা।


প্রকাশিত: April 8, 2026 | সময়: 3:19 am | সুমন শেখ