সর্বশেষ সংবাদ :

আর্তেতার কণ্ঠে সুযোগ হাতছাড়ার আক্ষেপ

স্পোর্টস ডেস্ক: এফএ কাপে চ্যাম্পিয়নশিপের দল সাউথ্যাম্পটনের বিপক্ষে হার মানতেই পারছেন না মিকেল আর্তেতা। অনেক সুযোগ হাতছাড়ার আক্ষেপ ঝরল আর্সেনাল কোচের কণ্ঠে। রক্ষণ নিয়েও হতাশা প্রকাশ করলেন তিনি।
এফএ কাপের কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নিয়েছে আর্সেনাল। শনিবার রাতে সাউথ্যাম্পটনের বিপক্ষে ২-১ গোলে হেরেছে দলটি। কদিন আগেও কোয়াড্রপল জয়ের স্বপ্ন দেখছিল তাদের সমর্থকরা। অথচ, টানা দুই ম্যাচে লিগ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটিরি বিপক্ষে হারের পর, সাউথ্যাম্পটনের বিপক্ষে এই পরাজয়ে টিকে থাকল কেবল ডাবলের আশা। ইংলিশ প্রিমিয়ার লিগের টেবিলে চূড়ায় আছে আর্তেতার দল। আর চ্যাম্পিয়ন্স লিগে খেলছে কোয়ার্টার-ফাইনালে।
এফএ কাপে হারের পর দলের পারফরম্যান্স নিয়ে একরাশ হতাশা ঝরল আর্তেতার কণ্ঠে। “ম্যাচের ফল, বিশেষ করে আমরা যেভাবে গোল দুটি হজম করলাম (খুব হতাশাজনক)। আমরা বক্সে ও এর আশেপাশে খুব দাপট দেখাচ্ছিলাম। প্রথম গোল আমরা যেভাবে হজম করলাম, আমাদের জন্য এভাবে গোল খাওয়া অস্বাভাবিক। দ্বিতীয় গোলও হলো ডাইরেক্ট প্লে থেকে।”
“আমরা দুটি অনেক বড় সুযোগ পেয়েছিলাম, এগুলো কাজে লাগানো উচিত ছিল। আজ আমরা রক্ষণে যে ভুলগুলো করলাম, এভাবে খেলে সেমি-ফাইনালে ওঠা খুব কঠিন।” ঝড়ো বাতাস ও বৃষ্টির মধ্যে প্রথম পছন্দের বেশ কয়েকজন খেলোয়াড়কে ছাড়া খেলতে হয় আর্সেনালকে। তবে সাউথ্যাম্পটন তাদের যেভাবে চমকে দিয়েছে, তার জন্য এসবকে কারণ হিসেবে দেখাতে চান না আর্তেতার।
“তারা খুব ভালো একটি দল এবং খুব ভালো ছন্দে আছে। তাদের অভিনন্দন। বাতাসের সঙ্গে, চোটের সঙ্গে মানিয়ে নিতে হবে। মৌসুমে কঠিন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে। এখন আমাদের নিজেদের দৃঢ়তা দেখাতে হবে।”


প্রকাশিত: April 6, 2026 | সময়: 3:20 am | সুমন শেখ