, , ।
ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে ছাত্রদল নেতা ইমরান হোসেন সোহাগ (২৮) হত্যাকান্ডের ঘটনায় থানা ঘেরাও করে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। শনিবার দুপুরে ঈশ্বরদী থানার প্রধান ফটকের সামনে ঘণ্টাব্যাপী অবস্থান নিয়ে ছাত্রদল নেতা সোহাগ হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটন ও হত্যাকারীদের বিচারের দাবীতে এই কর্মসূচি পালন করা হয়। আয়োজিত কর্মসূচিতে বক্তব্য রাখেন ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান বিটু, নাজমুল হাসান রিশাদ ও মাহ্মুদুল ইসলাম শাওন প্রমূখ।
প্রায় ঘন্টাব্যাপী থানার প্রধান ফটক আটকিয়ে অবস্থান কর্মসূচি পালন করায় থানার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। পরে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুজ্জামান ও ওসি (তদন্ত) জামাল উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ থানা ফটকের সামনে এসে ছাত্রদল নেতা ইমরান হোসেন সোহাগ হত্যাকারীদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তারের আশ্বাস দিলে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নেন ছাত্রদলের নেতাকর্মীরা।
গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত কমিটির সদস্য সচিব ইমরান হোসেন সোহাগকে গুলি করে ও এলোপাথারী কুপিয়ে হত্যা করা হয়। নিহত ইমরান হোসেন সোহাগ ঈশ্বরদী শহরের সাঁড়া গোপালপুর গ্রামের মন্নবীপাড়া গ্রামের এনামুল হকের ছেলে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঈশ্বরদী শাখার অন্যতম সমন্বয়ক ছিলেন।
হত্যাকান্ডের পর রাতেই রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাজাহান ও পাবনা পুলিশ সুপার আনোয়ার জাহিদ, অতিরিক্ত পুলিশ সুপার রেজিনুর রহমান ও প্রণব কুমার সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন। সে সময় তারা হত্যান্ডের প্রকৃত রহস্য উৎঘাটনসহ দোষীদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতারের আশ্বাস প্রদান করেন। রাতেই সিআইডির ফরেনসিক টিম ঘটনাস্থল থেকে হত্যাকান্ডের বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন।
তবে ঘটনার ৩দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়নি। আজ-কালের মধ্যেই প্রকৃত হত্যাকারীদের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার বলেন, হত্যাকান্ডের পর পরই ঘটনাস্থলে পুলিশ পৌছে লাশ উদ্ধার করে বিভিন্ন বিষয় সামনে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। মামলা দায়েরের প্রস্তুতি চলছে জানিয়ে তিনি অধিকতর গুরুত্ব দিয়ে এই ঘটনার তদন্ত করা হচ্ছে। মামলা রেকর্ড হলেই প্রকৃত আসামীদের গ্রেফতারে অভিযান চালাবে পুলিশ।
এদিকে ছাত্রদল নেতা ইমরান হোসেন সোহাগকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে শুক্রবার বিকালে ঈশ্বরদীতে বিশাল বিক্ষোভ সমাবেশ করেছে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপিসহ সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা। বিকাল ৪টার সময় ঈশ্বরদী শহরের খায়রুজ্জামান বাবু বাস টার্মিনাল চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজারের ১নং গেটের সামনে গিয়ে শেষ হয়।
সে সময় সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা ইসলাম হোসেন জুয়েল, আনোয়ার হোসেন জনি, যুবদল নেতা জাকির হোসেন জুয়েল, ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান বিটু, নাজমুল হাসান রিশাদ ও মাহ্মুদুল ইসলাম শাওন প্রমূখ।
বক্তারা ছাত্রদল নেতা সোহাগ হত্যাকারীদের গ্রেফতারে পুলিশ প্রশাসনকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেয়।