সর্বশেষ সংবাদ :

২০ বছরের দাপট থামাল শ্রীলঙ্কা, হকিতে বাংলাদেশের হঠাৎ হোঁচট

স্পোর্টস ডেস্ক: দীর্ঘ দুই দশক ধরে শ্রীলঙ্কার বিপক্ষে একচ্ছত্র আধিপত্য ছিল বাংলাদেশের হকি দলের। তবে সেই ধারাবাহিকতায় ছেদ পড়েছে অবশেষে। থাইল্যান্ডে অনুষ্ঠিত এশিয়ান গেমস বাছাই পর্বের ম্যাচে শুক্রবার ৩-২ ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। ২০০৬ সালের পর এই প্রতিপক্ষের কাছে তাদের প্রথম পরাজয়।
ম্যাচের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় শ্রীলঙ্কা। তবে প্রথম কোয়ার্টারের শেষ দিকে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে সমতা ফেরান আশরাফুল। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই আবারও এগিয়ে যায় লঙ্কানরা। তৃতীয় কোয়ার্টারে কোনো দলই গোল করতে পারেনি। শেষ কোয়ার্টারে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়। খেলার ৪ মিনিটের মাথায় তৃতীয় গোল করে ব্যবধান ৩-১ করে শ্রীলঙ্কা। এর ঠিক পরের মিনিটেই পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান কমান আমিরুল।
বাকি সময়ে সমতা ফেরানোর চেষ্টা চালালেও সফল হতে পারেনি বাংলাদেশ। পুরো ম্যাচে সুযোগ তৈরি করেও সেগুলো কাজে লাগাতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। দলটি ছয়টি পেনাল্টি কর্নার পেলেও মাত্র একটিতে গোল করতে পেরেছে। অন্যদিকে শ্রীলঙ্কা একটি কর্নার পেয়েই সেটি কাজে লাগিয়েছে। পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ সোহানুর রহমান সবুজের অনুপস্থিতি এ ম্যাচে স্পষ্টভাবে অনুভূত হয়েছে।
ম্যাচ শেষে দলের প্রধান কোচ আতিকুজ্জামান হারের দায় নিজের কাঁধে নেন। তিনি জানান, ডিফেন্সে দুর্বলতা ও প্রতিপক্ষকে ঠিকভাবে মার্কিং করতে না পারাই এই পরাজয়ের মূল কারণ। টানা দুই দিন গরম আবহাওয়ায় ম্যাচ খেলাও দলের ওপর প্রভাব ফেলেছে বলে উল্লেখ করেন তিনি।
এই হারের ফলে এশিয়ান গেমসে খেলার পথ কিছুটা কঠিন হয়ে পড়েছে বাংলাদেশের জন্য। গ্রুপে শ্রীলঙ্কা ইতোমধ্যে ৬ পয়েন্ট সংগ্রহ করেছে। অন্যদিকে চাইনিজ তাইপে শেষ ম্যাচে জয় পেলে তারাও সমান পয়েন্টে পৌঁছাতে পারে। ফলে সেমিফাইনালে উঠতে হলে শেষ ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে।


প্রকাশিত: April 4, 2026 | সময়: 4:39 am | সুমন শেখ