, , ।
রানা হামিদ, বদলগাছী: নওগাঁর বদলগাছী উপজেলা পরিষদ চত্বরে এক হৃদয়স্পর্শী দৃশ্য নজরে এসেছে অসুস্থ স্বামীকে পা ধরে হাঁটাচ্ছেন স্ত্রী। ইউএনও অফিসের সামনে এমন ব্যতিক্রমী দৃশ্য দেখে মুহূর্তেই থমকে দাঁড়ান আশপাশের মানুষ। অনেকেই অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকেন, কারও চোখে দেখা যায় আবেগের ছাপ।
রবিবার ২৯ মার্চ বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে দেখা যায়, প্রায় ২৫ বছর বয়সী এক যুবক দুই হাতে ক্রাচ নিয়ে চলার চেষ্টা করছেন। তার এক পা ভাঙা, অন্য পা’টি স্ত্রীর হাতের ওপর ভর করে এগোচ্ছেন। পাশে থাকা স্ত্রী বিথি স্বামীর একটি পা ধরে তাকে চলতে সহায়তা করছেন। মাঝে মধ্যে ক্লান্ত হয়ে বসে বিশ্রাম নিয়ে আবার এগিয়ে যাচ্ছেন তারা।
খোঁজ নিয়ে জানা যায়, ওই যুবকের নাম এনামুল। তার বাড়ি বদলগাছী উপজেলার জাবারীপুরের সামপুর গ্রামে। তিনি পেশায় ট্রাক শ্রমিক। প্রায় দুই মাস আগে রাতে কাজে যাওয়ার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হন। এ সময় তাকে মারধর করে নদীতে ফেলে দেওয়া হলে তার পা ভেঙে যায়।
বর্তমানে চিকিৎসার অভাব ও দারিদ্র্যের কারণে মানবেতর জীবনযাপন করছেন এনামুল। তিনি জানান, ‘একটা হুইলচেয়ার পেলে চলাফেরা করতে সুবিধা হতো। তাই ইউএনও স্যারের কাছে আবেদন করতে এসেছি।’ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার আবেদন গ্রহণ করেছেন বলে জানা গেছে।
এদিকে স্ত্রী বিথি বলেন, ‘তার এক পা মাটিতে ফেলতে পারে না। তাই আমি পা ধরে রাখি, যেন আমার হাতের ওপর ভর করে একটু হলেও হাঁটতে পারে।’
ঘটনাস্থলে উপস্থিত লোকজন জানান, এমন দৃশ্য তারা আগে কখনও দেখেননি। স্বামী-স্ত্রীর এই সংগ্রাম ও ভালোবাসা দেখে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
স্থানীয়দের দাবি, দ্রুত এনামুলের চিকিৎসা ও একটি হুইলচেয়ারের ব্যবস্থা করা হলে তার চলাচল অনেক সহজ হবে।