, , ।
স্টাফ রিপোর্টার, নাটোর: নাটোর জেলাজুড়ে মঙ্গলবার পর্যন্ত ৩৮ জন হামে আক্রান্ত হয়েছে। যার মধ্যে শুধু নাটোর সদর হাসপাতালেই ১৪ জন ভর্তি হয়েছেন। আক্রান্তদের সবাই শিশু। নাটোর সদরের ১৪ জন শিশুর মধ্যে ৮ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন, আর চিকিৎসাধীন রয়েছেন ৬ জন বলে জানিয়েছেন সিভিল সার্জন কামাল উদ্দিন ভুঁইয়া (দায়িত্বপ্রাপ্ত)।
এদিকে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন নাটোর সদর উপজেলার ঋশি নওগাঁ গ্রামের সাইফুল ইসলামের তিন মাস বয়সী মেয়ে কাশফি। যদিও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের রেজিস্টার বর্ণিত শিশুর মৃত্যুর কারণ হিসেবে নিউমোনিয়া রোগের কথা উল্লেখ করেছেন।
তবে পরিবারের দাবি ঠান্ডা জনিত কারণে প্রথমে শিশু কাশফিকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির শরীরের বিভিন্ন অংশে র্যাশ বের হয়ে শারীরিক অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য গত ৩০ মার্চ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরবর্তীতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে শিশুটি মৃত্যুবরণ করে।
বর্ণিত শিশুটি হাম রোগে মৃত্যুবরণ করেছে স্থানীয় এলাকায় এমন সংবাদে প্রচার হওয়ায় নাটোর জেলায় এক ধরনের আতংকের সৃষ্টি হয়েছে। হামে আক্রান্ত শিশুদের আলাদাভাবে হাম ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসা পেলেও আক্রান্ত শিশুদের এমন অবস্থায় দুশিন্তায় সময় পার করছেন রোগীর স্বজনেরা।
হাম পরিস্থিতি নিয়ে সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে। প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ছাড়াও এতে জনপ্রতিনিধি ও বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংশ নেন। সভায় আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
নাটোরের দায়িত্বপ্রাপ্ত সিভিল সার্জন কামাল উদ্দিন ভুঁইয়া জানান, যারা চিকিৎসাধীন রয়েছে তাদের অবস্থা উন্নতির দিকে এবং জেলাজুড়ে রোগী চিহ্নিতকরণ ও তাদের চিকিৎসায় বিশেষ নজর দেওয়া হচ্ছে।