সর্বশেষ সংবাদ :

ক্রীড়াঙ্গনে রাজনীতির ঊর্ধ্বে মেধার মূল্যায়নের প্রত্যয় মির্জা ফখরুলের

স্পোর্টস ডেস্ক: দেশের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডে নতুন পরিচালনা পর্ষদের অভিষেক ও সৌজন্য সাক্ষাৎ উপলক্ষে বসেছিল তারকাদের মিলনমেলা। অনুষ্ঠানে সরকারের একাধিক মন্ত্রী, বিশিষ্ট রাজনীতিক এবং সাবেক তারকা ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ক্রীড়াঙ্গনে এখন সবচেয়ে বেশি প্রয়োজন অরাজনৈতিক ঐক্য ও স্বচ্ছতা। ‘আমরা একটি অন্ধকার সময় পেরিয়ে নতুন আলো দেখছি। এখন সময় এসেছে ক্রীড়াঙ্গনকে নতুন করে সাজানোর,’ বলেন তিনি।
সাবেক এই ক্রীড়া সংগঠক স্মৃতিচারণ করে জানান, খেলাধুলার পরিবেশে এলেই তিনি নিজের ঘরে ফেরার অনুভূতি পান। দেশের ইতিহাসে প্রথমবারের মতো ক্রীড়াবিদদের জন্য ‘ক্রীড়া ভাতা’ ও ক্রীড়া কার্ড চালু করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান ফখরুল। তিনি বলেন, ‘চেয়ারম্যান মহোদয় দেশে ফেরার আগেই ক্রীড়াঙ্গন নিয়ে তার পরিকল্পনার কথা জানিয়েছিলেন। এই উদ্যোগ বর্তমান ও ভবিষ্যৎ খেলোয়াড়দের জন্য বড় অনুপ্রেরণা হবে।’
মোহামেডানের ঐতিহ্য তুলে ধরে তিনি বলেন, ‘মোহামেডান শুধু একটি ক্লাব নয়, এটি বাংলাদেশের ক্রীড়া ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ।’ তিনি অতীতের মোহামেডান-আবাহনী ম্যাচের সেই দর্শক উন্মাদনা আবারও ফিরে পাওয়ার আশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং মোহামেডানের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেন, ‘মোহামেডানের অবদান অনস্বীকার্য। তবে আমরা আবাহনীসহ দেশের সব ক্লাবকে সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নিতে চাই।’
ব্যতিক্রমী এই আয়োজনে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেডের পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টুও উপস্থিত ছিলেন। দিনটিকে ‘ঈদের আনন্দের’ সঙ্গে তুলনা করে তিনি একে একটি সুন্দর মিলনমেলা হিসেবে উল্লেখ করেন। দীর্ঘদিনের শিরোপা খরা কাটিয়ে মোহামেডানকে আবারও শীর্ষে ফেরাতে নতুন পরিচালনা পর্ষদকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান অনুষ্ঠানের অতিথিরা।


প্রকাশিত: April 1, 2026 | সময়: 4:56 am | সুমন শেখ