বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
সানশাইন ডেস্ক: স্থানীয় প্রশাসনের রদবদলের অংশ হিসেবে রাজশাহী, খুলনা, চুয়াডাঙ্গাসহ দেশের আরও ১১ জেলায় নতুন জেলা প্রশাসককে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা ডিসির পাশাপাশি জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্বও পালন করবেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। তাতে বলা জয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কাজী শহিদুল ইসলামকে রাজশাহী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব লুৎফুন নাহারকে চুয়াডাঙ্গা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব হুরে জান্নাতকে খুলনা, অর্থ বিভাগের উপসচিব মর্জিনা আক্তারকে মাদারীপুর, সরকারি প্রিন্টিং প্রেসের উপপরিচালক (উপসচিব) আবু সাঈদকে ব্রাহ্মণবাড়িয়া, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব আহেমদ জিয়াউর রহমানকে চাঁদপুর, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জি. এম. সরফরাজকে হবিগঞ্জ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব ইসরাত জাহান কেয়াকে নরসিংদী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব শিল্পী রানী রায়কে মেহেরপুর, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (সচিব) উপসচিব রাশেদুল হক প্রধানকে লালমনিরহাট ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের উপপ্রকল্প পরিচালক (উপসচিব) মো. সানিউল ফেরদৌসকে বান্দরবানের জেলা প্রশাসক করা হয়েছে।
এর আগে চলতি বছরের ১৫ মার্চ গাজীপুর, পঞ্চগড়, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া ও নেত্রকোনায় নতুন ডিসি নিয়োগ করেছিল সরকার। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে দুই তৃতীয়াংশ আসন পেয়ে ক্ষমতায় বসে বিএনপি সরকার। এরপর থেকেই সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, দপ্তরে বিভিন্ন পদে রদবদল ও নতুন করে কর্মকর্তাদের দায়িত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু হয়।