সর্বশেষ সংবাদ :

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপেও আম্পায়ারের দায়িত্বে জেসি

স্পোর্টস ডেস্ক: দেশের আম্পায়ারিং ইতিহাসে আরও একটি গর্বের পালক যুক্ত করলেন সাথিরা জাকির জেসি। নারী ওয়ানডে বিশ্বকাপের পর এবার আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপেও আম্পায়ারের দায়িত্ব পালন করবেন তিনি।
বিসিবি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। আইসিসির আন্তর্জাতিক তালিকাভুক্ত এই আম্পায়ার গত বছর ভারতে অনুষ্ঠিত নারী ওয়ানডে বিশ্বকাপে বড় আসরে নিজের দক্ষতা প্রমাণ করেছেন। সেই টুর্নামেন্টে মোট আটটি ম্যাচে তিনি বিভিন্ন দায়িত্বে ছিলেন; যার মধ্যে ৪টি ম্যাচে ফিল্ড আম্পায়ার, ২টিতে টিভি আম্পায়ার এবং বাকি ২টিতে চতুর্থ আম্পায়ারের ভূমিকা পালন করেন।
ওয়ানডে বিশ্বকাপের সেই অভিজ্ঞতা এবার ইংল্যান্ডের মাটিতে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে। জেসির এই সাফল্যে উচ্ছ্বসিত বিসিবির আম্পায়ার্স বিভাগ। বিভাগের এক কর্মকর্তা জানান, জাতীয় দলের পাশাপাশি একজন আম্পায়ার যখন বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করেন, তখন সেটি পুরো দেশের জন্যই গর্বের বিষয়।
জেসির দ্রুত উন্নতি এবং বড় মঞ্চে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা বিসিবিকে আশাবাদী করে তুলেছে। ওয়ানডে বিশ্বকাপের চেয়েও টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি আরও উজ্জ্বল পারফরম্যান্স দেখাবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আগামী ১২ জুন থেকে ইংল্যান্ডের মাটিতে শুরু হতে যাচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের আসরে বাংলাদেশ দল খেলবে ‘এ’ গ্রুপে, যেখানে তাদের সঙ্গী ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস। অন্যদিকে ‘বি’ গ্রুপে লড়বে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।


প্রকাশিত: March 30, 2026 | সময়: 5:26 am | সুমন শেখ