সানশাইনে বিশেষ সাক্ষাতকারে সাংসদ ডাঃ টিপু : মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত হলে গড়ে উঠবে সুস্থ সমাজ

সুমন শেখ: আধুনিক একটি শিশু হাসপাতাল বদলে দিতে পারে দেশের শিশু কিশোরদের স্বাস্থ্যসেবার বাস্তব চিত্র। শারীরিক ও মানসিকভাবে শিশুদের সুস্বাস্থ্যের অধিকারী করে তুলতে এ ধরনের একটি আধুনিক হাসপাতাল বাস্তবভিত্তিক অবদান রাখতে পারে। সুস্থ সমাজ ও জাতি গঠন করতে হলে সবার আগে আমাদের নজর দিতে হবে শিশু স্বাস্থ্যের দিকে।
রাজনীতিকদের মধ্যে বিষয়টি গুরুত্বের সাথে সম্ভবত প্রথমবার অনুধাবন করলেন ৪৯, নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু। এজন্য নিজের নির্বাচনী এলাকায় তিনি একটি আধুনিক শিশু হাসপাতাল প্রতিষ্ঠার দাবী জানালেন মহান জাতীয় সংসদে।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন রবিবার ১৫ মার্চ তিনি সংসদে আধুনিক এ ‘পেডিয়াট্রিক্স’ বা শিশু হাসপাতালটির জন্য দাবী উত্থাপন করেন। তিনি ওইদিন ৭১ বিধিতে জনগুরুত্বপূর্ণ বিষয়ে নোটিশ দিয়ে মহান সংসদে এ দাবী তুলে ধরেন। দাবীটির বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর বিশেষ দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
হাসপাতালটির বিশেষত্ব নিয়ে ডাঃ ইকরামুল বারী টিপু বলেন, শিশু, কিশোর ও কিশোরীদের চিকিৎসার জন্য এটি একটি বিশেষ হাসপাতাল, যা নবজাতক, শিশু, কিশোর এবং কিশোরীদের (জন্ম থেকে ১৮-২১ বছর বয়স পর্যন্ত) শারীরিক, মানসিক ও সামাজিক স্বাস্থ্যের সমন্বিত চিকিৎসা নিশ্চিত করে। এটি শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে এবং তাদের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশে সহায়তা করে থাকে।
শনিবার বিকেলে উপজেলা সদর প্রসাদপুরের বাসভবনে দৈনিক সানশাইনকে দেওয়া একান্ত সাক্ষাতকারে সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু উল্লেখিত কথাগুলো বলেন। তিনি আরো বলেন, শারীরিক ও মানসিকভাবে সুস্বাস্থ্যের অধিকারী শিশুরাই হতে পারে আমাদের ভবিষ্যতের সুস্থ জাতি গঠনের বড় নিয়ামক।
তিনি এ ধরনের একটি আধুনিক হাসপাতাল আরো বড় পরিসরে গড়ে তোলার উপরও বিশেষ গুরুত্ব আরোপ করে তাঁর চিন্তার কথা সানশাইনের এ প্রতিবেদকের নিকট ব্যক্ত করেন। তিনি বলেন শিশু, কিশোর ও কিশোরীদের স্বাস্থ্যসেবার বিষয়টি আরো খানিকটা পিছন থেকে চিন্তা করা উচিত। শিশু স্বাস্থ্যের সাথে শিশুদের মাতৃস্বাস্থ্যের বিষয়টি সবার আগে গুরুত্বের সাথে নিতে হবে।
এ ধরনের একটি আধুনিক হাসপাতাল শুধুমাত্র ‘পেডিয়াট্রিক্স হসপিটাল’ নয়, বড় পরিসরে তা ‘গাইনিকোলজি এন্ড পেডিয়াট্রিক্স হসপিটাল’-এ প্রসারিত হওয়া উচিত বলে তিনি মনে করেন। তিনি বিশ্বাস করেন, এ ধরণের একটি আধুনিক হাসপাতাল মা, শিশু, কিশোর ও কিশোরী তথা নাগরিক স্বাস্থ্যসেবায় অনন্য অবদান রাখতে পারে।
অন্যদিকে বেশ কিছু বিশেষজ্ঞ চিকিৎসকদের উপজেলা সদরের এ হাসপাতালটিতে সার্বক্ষণিক উপস্থিতি নিশ্চিত করা যাবে; মিলবে উন্নত চিকিৎসা সেবা। এতে অনেক পদ সৃষ্টি হবে চিকিৎসকদের জন্য, অন্যান্য কর্মকর্তা কর্মচারিদের জন্যও বাড়বে কর্মের ক্ষেত্র। বাড়ির পাশে উপজেলা সদর হয়ে উঠবে শিশু কিশোরদের জন্যও স্বাস্থ্যসেবামুখী।
তিনি এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে অধিকতর সুচিন্তিত মতামত দিবেন বলে সানশাইনকে জানান। আশাবাদ ব্যক্ত করেন, বর্তমান সরকার বিষয়টি ইতিবাচক ভাবে নেবে। শুধু মান্দায় নয়, সারাদেশে এ ধরনের আধুনিক হাপাতাল গড়ে উঠুক এমন স্বপ্ন দেখেন বিএনপির এ জনপ্রিয় সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু।


প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬ | সময়: ১২:৩৭ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর