সর্বশেষ সংবাদ :

বড়াইগ্রামে ফিলিং স্টেশনে তেল নেয়াকে কেন্দ্র করে সংঘর্ষে পাঁচজন আহত

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে ফিলিং স্টেশনে তেল নেয়াকে কেন্দ্র করে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার বনপাড়া বাইপাস এলাকার মেসার্স মদিনা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে উপজেলার জোয়াড়ী ইউনিয়নের কুমরুল গ্রামের নওয়াব আলীর ছেলে আক্কাস আলী (৫০), মহিষভাঙ্গা গ্রামের ইন্তাজ মোল্লার ছেলে ফিরোজ হোসেন (২৪) ও আলমগীর হোসেন (৩০) এবং কালিকাপুর গ্রামের আক্কাস আলীর ছেলে মুন্নাফ হোসেন (২৬) কে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর জনকে স্থানীয় চিকিৎসকের কাছে চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয়রা জানান, শুক্রবার রাতে তারা মদিনা ফিলিং স্টেশনে তেল নিতে যান। সেখানে দীর্ঘক্ষণ অপেক্ষার পর তেল নেয়ার সিরিয়াল নিয়ে বিতর্ক বাধে। পরে কথা কাটাকাটির এক পর্যায়ে সেখানে উপস্থিত মোটর সাইকেল চালকসহ তেল ক্রেতাদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় এলোপাথাড়ি মারপিটে পাঁচজন আহত হয়েছেন। পরে স্বজনরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালাম জানান, বিষয়টি শুনেছি। তবে এ ঘটনায় লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


প্রকাশিত: March 29, 2026 | সময়: 12:35 am | সুমন শেখ