গোদাগাড়ী পৌরসভায় ইউএনও’র ড্রেন পরিষ্কার ও মশক নিধন অভিযান

স্টাফ রিপোর্টার, গোদাগাড়ী: ড্রেনের ভেতরে জমে থাকা ময়লা-আবর্জনার কারণে পানি নিষ্কাশনে বিঘ্ন সৃষ্টি এবং এডিস মশার উপদ্রব বৃদ্ধি পাওয়ায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছে পৌর কর্তৃপক্ষ। সোমবার ২৮ মার্চ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে দিনব্যাপী এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক নাজমুস সাদত রত্নর নির্দেশনায় পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা সংশ্লিষ্ট এলাকার ড্রেন পরিষ্কারের কাজ করেন। এ সময় ড্রেনের ভেতরে জমে থাকা ময়লা-আবর্জনা ও বিভিন্ন ধরনের বর্জ অপসারণ করা হয়।
এতে করে ড্রেনের পানিপ্রবাহ স্বাভাবিক হওয়ার পাশাপাশি মশার বংশবিস্তার রোধেও সহায়ক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
এ বিষয়ে পৌর নির্বাহী কর্মকর্তা সারোয়ার জাহান মুকুল বলেন, প্রশাসক স্যারের নির্দেশনায় নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার লক্ষ্যে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে পর্যায়ক্রমে ড্রেন পরিষ্কার ও মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
জনস্বার্থে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও তিনি জানান। পৌরসভার স্যানেটারি বিভাগের উদ্যোগে কর্মসূচি তদারকি করেন স্যানেটারি কর্মকর্তা সেমাজুল ইসলাম।


প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬ | সময়: ১২:৩৩ পূর্বাহ্ণ | সুমন শেখ