, , ।
স্টাফ রিপোর্টার: দীর্ঘ প্রায় এক দশক ধরে শয্যাশায়ী জীবন কাটাচ্ছিলেন বৃদ্ধা জমেলা বেগম। বয়সের ভার ও নানা শারীরিক জটিলতায় তিনি হয়ে পড়েছিলেন সম্পূর্ণ চলাফেরাহীন। চার দেয়ালের মধ্যে বন্দি এই জীবন যেন ছিল তার নিত্যসঙ্গী। তবে অবশেষে সেই দীর্ঘ কষ্টের অবসান ঘটেছে।
মানবিক উদ্যোগে এগিয়ে এসেছে সার্বজনীন সমাজ কল্যাণ ফাউন্ডেশন। সংগঠনটির উদ্যোগে এবং এক সহৃদয় নারীসহ কয়েকজন দানশীল ব্যক্তির সহযোগিতায় জমেলা বেগমকে একটি নতুন হুইলচেয়ার প্রদান করা হয়েছে।
সম্প্রতি রাজশাহীর সবজিপাড়া এলাকায় তার নিজ বাড়িতে গিয়ে আনুষ্ঠানিকভাবে হুইলচেয়ারটি হস্তান্তর করা হয়। দীর্ঘদিন পর চলাফেরার একটি মাধ্যম পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শতবর্ষী এই বৃদ্ধা। আনন্দে কেঁদে ফেলেন তিনি। উপস্থিত সবার মাঝে সৃষ্টি হয় এক হৃদয়ছোঁয়া পরিবেশ।
হুইলচেয়ার পেয়ে জমেলা বেগম সংশ্লিষ্ট সকলের জন্য প্রাণভরে দোয়া করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা রফিকুল ইসলাম রবি, সহ-সভাপতি মাসুদুল মৃধা মোমিন, অ্যাডমিন ফাহিম, সদস্য বিপ্লব ও মানিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ভিডিপির ১৮ নম্বর ওয়ার্ড দলনেতা ও সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. মোহন আলী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মানবতার সেবায় এই ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনে। তারা ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন।
প্রতিষ্ঠাতা সভাপতি মো. মোহন আলী দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলেন,“আমরা প্রায় ১৮ বছর ধরে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। এই কার্যক্রম যেন আমৃত্যু চালিয়ে যেতে পারি, সেই দোয়া চাই। আমাদের কাছে আরও কিছু হুইলচেয়ার এবং নলকূপ স্থাপন ও মেরামতের অনুরোধ রয়েছে। সবাই সহযোগিতা করলে আমরা আরও বেশি মানুষের পাশে দাঁড়াতে পারবো।”