সর্বশেষ সংবাদ :

বড়াইগ্রামে মসজিদের অনুদান তোলাকে কেন্দ্র করে সংঘর্ষে ১০ জন আহত

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে মসজিদের উন্নয়নকল্পে অনুদান তোলাকে কেন্দ্র করে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার জোয়াড়ী ইউনিয়নের কায়েমকোলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সন্ধ্যায় মুল অভিযুক্ত কায়েমকোলা গ্রামের আব্দুল মান্নানের ছেলে রাজিব হোসেন (৩৬) কে গ্রেফতার করেছে পুলিশ।
আহতদের মধ্যে কায়েমকোলা গ্রামের মৃত ইয়াসিন আলীর ছেলে তারেক রহমান (৬২), তারেক রহমানের ছেলে ও মসজিদ কমিটির সভাপতি সাহাবউদ্দিন (৪০), খাদেমুল ইসলামের ছেলে পলাশ (২০), কলিম উদ্দিনের ছেলে আব্দুল মান্নান (৬৫), আব্দুল মান্নানের ছেলে রুবেল হোসেন (৩৪) ও রাকিব হোসেন (২৫), আরমান হোসেনের ছেলে শাকিল আহম্মেদ (৩৫) ও আব্দুল মালেকের ছেলে মনিরুল ইসলাম (৩৫) কে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয় চিকিৎসকের কাছে চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয়রা জানান, শুক্রবার জুম্মার নামাজের আগে কায়েমকোলা সরকারপাড়া জামে মসজিদের পুরাতন টিন পরিবর্তনসহ অন্যান্য সংস্কার কাজের বিষয়ে আলোচনা হয়। এ সময় সবাই স্বেচ্ছায় অনুদান দিতে চাইলেও ওই গ্রামের রাজিব হোসেন এতে বাধা দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে হৈ-হট্টগোল হয়। পরে নামাজ শেষে বাড়ি ফেরার পথে রাজিব হোসেনের অনুসারী ও মসজিদ কমিটির সভাপতি সাহাবউদ্দিনের অনুসারীদের মধ্যে পুনরায় কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষে সংঘর্ষে ১০ জন আহত হন।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালাম জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। একজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


প্রকাশিত: March 29, 2026 | সময়: 12:30 am | সুমন শেখ

আরও খবর