সর্বশেষ সংবাদ :

বড়াইগ্রামে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ায় কিশোরীর আত্মহত্যা

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ কোয়ার্টার থেকে শাহিনা আক্তার নীরা (১৫) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে মরদেহটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। প্রেমের সম্পর্ক মেনে না নিয়ে অন্যত্র বিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়ায় ওই কিশোরী আত্মহত্যা করেছে বলে জানা গেছে। নীরা উপজেলার চক বড়াইগ্রামের নুরুল ইসলামের মেয়ে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাবুর্চি নীলা খাতুনের বোন।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, বেশ কিছুদিন যাবৎ উপজেলার বাগডোব এলাকার এক তরুণের সঙ্গে নীরার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সম্প্রতি বিষয়টি জানাজানি হলে স্বজনরা এ সম্পর্ক মেনে নিতে রাজি হননি। উল্টো পরিবারের পক্ষ থেকে তাকে ফুফাতো ভাইয়ের সঙ্গে বিয়ে দেয়ার উদ্যোগ নেয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে বৃহস্পতিবার বিকালে নীরা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ কোয়ার্টারে বড় বোনের বাসার ফ্যানের সাথে ওড়না বেঁধে গলায় ফাঁস নিয়ে আত্নহত্যা করে। পরে তার দুলাভাই জানালা দিয়ে দেখতে পেয়ে দরজা ভেঙ্গে দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি তাকে মৃত ঘোষণা করেন।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙ্গে নীরার মরদেহটি উদ্ধার করে। নিহতের লাশের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।


প্রকাশিত: March 28, 2026 | সময়: 5:05 am | সুমন শেখ