, , ।
সাপাহার প্রতিনিধি: নওগাঁর সাপাহারে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ ও গরিব অসহায় জনসাধারণের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে নগদ অর্থ, শাড়ি, থ্রি-পিস ও হাজি রুমাল সামগ্রী বিতরণ করা হয়েছে।
১৯ মার্চ বৃহস্পতিবার দুপুর ১ টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন আয়োজিত সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান (এমপি)। বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ।
সাপাহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরোও ছিলেন থানা পুলিশ পরিদর্শক (তদন্ত ওসি) আলেফ হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, সহ-সভাপতি আব্দুর রহমান কল্লোল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, যুবদলের আহ্বায়ক আক্কাস আলী প্রমুখ।
অনুষ্ঠানে সাপাহার উপজেলার ৬টি ইউনিয়নের ৩৯৫ জন উপকারভোগীর মাঝে ২০০ পিস শাড়ী, ৩০ পিস থ্রি-পিস, নগদ অর্থ ১৫০ জনের মধ্যে (জনপ্রতি ২০০০ টাকা করে মোট ৩ লক্ষ) ও ১৫ পিস হাজি রুমাল বিতরণ করা হয়।
প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সরকার সব সময় দরিদ্র জনগোষ্ঠীর পাশে রয়েছে। সরকার থেকে উপকারভোগীদের জন্য যেসব বরাদ্দ আসবে, তা যথাযথ নিয়মে সুষমভাবে বণ্টন করা হবে ইনশাআল্লাহ। এখানে কোনো রকম অনিয়ম বরদাস্ত করা হবে না।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।