সর্বশেষ সংবাদ :

আদমদীঘিতে ছাগল বর্গা নিয়ে বিরোধে নারীর মৃত্যু

আদমদীঘি প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে ছাগল বর্গা (আধি) দেওয়া নিয়ে বিরোধের জেরে উম্মে হাবিবা উর্মি (৩২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের উজ্জ্বলতা গ্রামে। নিহত উম্মে হাবিবা উর্মি পাশ্ববর্তী রাণীনগর উপজেলার আবাদপুকুর ভেবরা গ্রামের সাজুর স্ত্রী। ঘটনার পর অভিযুক্তরা পলাতক রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন ধরে আবাদপুকুর ভেবরা গ্রামের সাজুর পরিবারের সঙ্গে উজ্জ্বলতা গ্রামের দুলাল ফকিরের কোন একটি বিষয় নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার সন্ধ্যায় উজ্জ্বলতা গ্রামে উর্মি তার বোন উম্মে হাফিজার বাড়িতে বেড়াতে যান। এ সময় ছাগল বর্গা দেওয়া নিয়ে দুলাল ফকিরের সঙ্গে উর্মির কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে দুলাল ফকির, একলাস, আইয়ুব সহ আরও কয়েকজন মিলে উর্মির ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।
এ বিষয়ে আদমদীঘি থানার উপ-পরিদর্শক ফেরদৌস আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


প্রকাশিত: March 25, 2026 | সময়: 4:54 am | সুমন শেখ