সর্বশেষ সংবাদ :

আত্রাইয়ে এমপি রেজাউল ইসলামকে সংবর্ধনা প্রদান

আত্রাই প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে উৎসবমুখর পরিবেশে মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের আয়োজনে নবনির্বাচিত সংসদ সদস্য শেখ রেজাউল ইসলামকে সংবর্ধনা প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৭ মার্চ বিকেলে কলেজ চত্বরে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্যের আগমনে কলেজ প্রাঙ্গণে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সংসদ সদস্য শেখ রেজাউল ইসলাম। মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের পক্ষ থেকে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সালাহ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে এমপি শেখ রেজাউল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে শেখ রেজাউল ইসলাম বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন ও শিক্ষার গুণগত মান নিশ্চিত করাই হবে আমার অন্যতম প্রধান লক্ষ্য। মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ এই অঞ্চলের একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান।
এই কলেজের অবকাঠামোগত সমস্যা সমাধান এবং শিক্ষার্থীদের জন্য আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে আমি সচেষ্ট থাকব। আত্রাই-রাণীনগরকে একটি আদর্শ ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে আমি আপনাদের সবার সহযোগিতা কামনা করছি।
এসময় ছিলেন, আত্রাই থানার অফিসার ইনচার্জ আব্দুল করিম, আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট, ফারুক বখস, সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, যুগ্ম-সম্পাদক আব্দুল মান্নান সরদার ও নিয়ামত আলী বাবু, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সাগর ও আবু বক্কর, মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মাহবুবুল হক দুলু, উপজেলা যুব দলের ভারপ্রাপ্ত আহবায়ক খোরশেদ আলম প্রমুখ।


প্রকাশিত: March 19, 2026 | সময়: 3:49 am | সুমন শেখ

আরও খবর