সর্বশেষ সংবাদ :

মিরাজ-তাসকিনদের বড় লাফ, তামিমের ক্যারিয়ার সেরা উন্নতি

স্পোর্টস ডেস্ক: সদ্য সমাপ্ত বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজ এবং নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। এতে ব্যাটার, বোলার এবং অলরাউন্ডার; তিন বিভাগেই বাংলাদেশের ক্রিকেটারদের জয়জয়কার দেখা গেছে।
পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে দুর্দান্ত পারফর্ম করে র‌্যাংকিংয়ের সেরা দশে জায়গা করে নিয়েছেন মেহেদী হাসান মিরাজ ও পাকিস্তানের সালমান আগা। মিরপুরে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতে ৬৪ ও ১০৬ রানের ইনিংস খেলে ব্যাটারদের র‌্যাংকিংয়ে ১৮তম স্থান থেকে নবম স্থানে উঠে এসেছেন সালমান। তিনি বর্তমানে ভারতের লোকেশ রাহুলের সাথে যৌথভাবে নবম অবস্থানে আছেন।
অন্যদিকে, প্রথম দুই ম্যাচে ৫ উইকেট নিয়ে ৯ ধাপ এগিয়ে বোলারদের তালিকায় সপ্তম স্থানে উঠেছেন মিরাজ। অলরাউন্ডার তালিকায়ও এই দুজনের উন্নতি চোখে পড়ার মতো। মিরাজ দুই ধাপ এগিয়ে বিশ্বের দ্বিতীয় সেরা ওয়ানডে অলরাউন্ডার এখন। সালমানও যৌথভাবে উঠে এসেছেন দশম স্থানে। তবে অলরাউন্ডার র‌্যাংকিংয়ের শীর্ষে নিজের অবস্থান ধরে রেখেছেন আফগানিস্তানের আজমাতুল্লাহ ওমরজাই।
সিরিজ নির্ধারণী ম্যাচে ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি করে বড় লাফ দিয়েছেন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। ৩১ ধাপ এগিয়ে তিনি বর্তমানে ৫৫তম স্থানে। তাওহিদ হৃদয় দুই ধাপ এগিয়ে ৩২তম এবং লিটন দাস ১০ ধাপ এগিয়ে ৮২তম স্থানে উঠে এসেছেন।
পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে ৪৯ রানে ৪ উইকেট নিয়ে বোলারদের র‌্যাংকিংয়ে ১২ ধাপ উন্নতি করেছেন তাসকিন আহমেদ। ৪০তম থেকে তিনি এখন ২৮ নম্বরে। কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানও ১৩ ধাপ এগিয়ে ৪৭তম স্থানে উঠেছেন। তবে সবচেয়ে বড় চমক দেখিয়েছেন তরুণ পেসার নাহিদ রানা; ৬৫ ধাপ এগিয়ে তিনি প্রথমবারের মতো সেরা একশোর (৯৮তম) মধ্যে জায়গা করে নিয়েছেন।
পাকিস্তানের বোলারদের মধ্যে শাহিন শাহ আফ্রিদি ১৭তম এবং হারিস রউফ ১৯তম স্থানে উঠেছেন। তবে ১৩তম স্থানে থেকে দলটির সেরা বোলার হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছেন লেগ স্পিনার আবরার আহমেদ। এদিকে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের প্রভাব পড়েছে শর্টার ফরম্যাটের র‌্যাংকিংয়েও। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার বল হাতে কিপটে বোলিং করে ২৪তম থেকে ১১ ধাপ এগিয়ে ১৩তম স্থানে উঠেছেন। পেসার লকি ফার্গুসন ৩ উইকেট নিয়ে ৫১তম স্থানে এবং প্রোটিয়া বোলার ওটনেইল বার্টম্যান ৭৩তম স্থানে উঠে এসেছেন। ব্যাটারদের মধ্যে কিউই ওপেনার ডেভন কনওয়ে ৬০ রানের ইনিংস খেলে ৭০তম স্থানে জায়গা করে নিয়েছেন।


প্রকাশিত: March 19, 2026 | সময়: 3:45 am | সুমন শেখ