, , ।
নুরুজ্জামান, বাঘা: ঈদ শুভেচ্ছা দিয়ে ব্যানার, ফেস্টুন, পোস্টার ও গেট নির্মানে ছেয়ে গেছে রাজশাহীর বাঘা উপজেলা। এখানে দুটি রাজনৈতিক দলের নেতারাই মূলত এবার ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। তারা নিজেদের পরিচয় তুলে ধরে স্থানীয় সরকার নির্বাচনের আগাম জানান দিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
বাঘার স্থানীয় লোকজন জানান, ঈদ মানে আনন্দ। তার সাথে বাড়তি উৎসব ৫০০ বছরের ঐতিহ্যপূর্ণ ঈদ মেলা। তবে এ মেলা দেশের সব স্থানে হয়না। ইতিহাস সম্বলিত ঐতিহ্য ধারণ করে চলেছে রাজশাহীর বাঘা উপজেলাবাসী। ঈদের দিন থেকে শুরু হয় এ মেলা। চলে প্রায় দুই সপ্তাহব্যাপী। এ মেলায় শুধু বাঘাবাসী নয়, আশ-পাশের বিভিন্ন জেলা-উপজেলার মানুষের মধ্যেও ঈদ আনন্দের সঙ্গে বাড়তি আনন্দের খোরাক যোগায় হযরত শাহদৌলার মাজার কেন্দ্রীক ওরশ মোবারক।
সরেজমিন ঘুরে দেখা গেছে, বাঘা পৌর এলাকার বিভিন্ন রাস্তা ও মোড়ে ঈদ শুভেচ্ছা দিয়ে ফেস্টুন-ব্যানারের ছড়াছড়ি। এ ছাড়া সরকারি-বেসরকারি স্থাপনা এবং রাস্তা সংলগ্ন বিভিন্ন বাসা-বাড়ির দেয়াল দখল করে রেখেছে অসংখ্য পোস্টার। উদ্দেশ্য আগামী দিনে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ, পৌর সভা ও উপজেলা নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান হিসাবে নিজেদের পরিচয় তুলে ধরে শুভেচ্ছা বার্তা জানান দেওয়া।
বাঘায় ঈদের শুভেচ্ছা জানান দিয়ে ইতোমধ্যে বেশ কিছু গেট নির্মান এবং বিলবোড সাটিয়েছেন রাজশাহী জেলা ছাত্র দলের আহ্বায়ক শামিম সরকার, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, পৌর জামাতে ইসলামীর আমির অধ্যাপক সাইফুল ইসলাম, রাজশাহী জেলা যুবদলের সাবেক সহসভাপতি সালে আহাম্মেদ, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা যুবদলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফি, জেলা যুবদলের আহবায়ক কমিটির অপর সদস্য আল আমিন জমাদার এবং সাবেক উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবিসহ আরো অনেকে। এদের মধ্যে কেউ কেউ বিভিন্ন পদে নির্বাচন করবেন বলে দোয়া চেয়েছেন।
রাজশাহী জেলা ছাত্র দলের আহ্বায়ক শামিম সরকার তিনি ইতোমধ্যে বিভিন্ন এলাকায় গিয়ে প্রচার-প্রচারনা চালাচ্ছেন, আগামিতে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হবেন। যা স্পষ্ট অক্ষরে লেখা রয়েছে তাঁর ঈদ শুভেচ্ছা সম্বলিত বিলবোর্ড এবং গেট নির্মানের ব্যানারে।
অপর দিকে বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন ও পৌর জামাতে ইসলামীর আমির অধ্যাপক সাইফুল ইসলাম জানিয়েছেন, তারা বিগত সরকার আমলে পৌর নির্বাচনে ভোট করে কারচুপি হওয়ার কারনে জয়ী হতে না পারলেও এবার আসন্ন পৌর নির্বাচনে বিজয়ের স্বপ্ন দেখছেন। এদিক থেকে নবাগত মেয়র প্রার্থী তালিকায় রয়েছেন সালে আহাম্মেদ ও আল আমিন জমাদার। এ ছাড়াও উপজেলা ভাইস চেয়ারম্যান হওয়ার স্বপ্ন দেখছেন শফিকুল ইসলাম শফি।
এমনি ভাবে অসংখ্য ফেস্টুন-ব্যানার ও গেট নির্মানের বিষয়ে এলাকাবাসীদের বক্তব্য, রাজনৈতিক নেতারা তাদের নিজেদের পরিচয় তুলে ধরতেই স্থানীয় সরকার নির্বাচনের আগাম প্রচারনা জানান দিয়ে রঙ ছড়াচ্ছেন। তবে অনেকেই এটাকে নির্বাচনের প্রস্তুতি এবং প্রচারনা বলে ইতিবাচক মন্তব্য করেছেন।